২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্নতত্ত্ব সংরক্ষণে প্রযুক্তি পর্যাপ্ত নয়: সংস্কৃতিমন্ত্রী

বিভিন্ন খননে উদ্ধার করা প্রত্নসম্পদগুলো সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির অপ্রতুলতার কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 08:44 PM

Updated : 11 Oct 2022, 01:49 PM

মঙ্গলবার বিশ্ব ঐতিহ্য দিবসে লালবাগ কেল্লায় আয়োজিত এক প্রদর্শনী ও সেমিনারে তিনি বলেন, “নানাভাবে আমরা প্রত্নসম্পদ খুঁজে পাচ্ছি। কিন্তু সেগুলো সংরক্ষণ করার মতো আধুনিক প্রযুক্তি এখনও আমাদের পর্যাপ্ত নয়। এক্ষেত্রে কাজ করার রয়েছে আমাদের।

“একইসঙ্গে আমাদের প্রত্নসম্পদ বিশেষজ্ঞও তৈরি করতে হবে, যারা আরও গভীরভাবে গবেষণা করবে। ইতিহাসের অনেক অধ্যায় এখনও জানার আছে।”

প্রত্নতত্ত্ব আইনটি সংশোধনের উদ্যোগ থমকে থাকার পাশাপাশি বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ ‘হচ্ছে না’ বলে জানান মন্ত্রী।

আসাদুজ্জামান নূর বলেন, “প্রত্ন আইন সংশোধন করা হবে দ্রুত। আমরা বৈঠক করছি। এই আইনটি সংশোধন করে বাস্তবায়ন করতে হবে দ্রুত।”

প্রত্নতাত্ত্বিক স্থানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিশ্ব ঐতিহ্য দিবসে এই আয়োজনের উদ্যোক্তা ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ।  এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী। বিশেষ অতিথি প্রত্নতত্ত্ব অধিদ্প্তরের মহাপরিচালক আলতাফ হোসেন বলেন, “বিশ্ব ঐতিহ্য দিবসে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যতা এবং সেগুলো রক্ষা এবং সংরক্ষণের প্রচেষ্টা বিষয়ে গণসচেতনতা তৈরির জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।” দিনটি উদযাপনের অংশ হিসেবে জন্য ঐতিহাসিক লালবাগ কেল্লায় এদিন প্রত্নতত্ত্ব বিভাগ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে খননে প্রাপ্ত প্রত্নবস্তুর ও ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীর আয়োজন করে। বিলুপ্তপ্রায় নৌকাগুলোর মধ্যে ঠাঁই পেয়েছে কুতুবদিয়ার ‘চাঁদ’, ‘শুলুক’, ‘বালাম’, ‘টেডি বালাম’, ফরিদপুরের ‘বিক’, সিরাজগঞ্জের ‘হরোঙ্গা’ ও ‘বজরা’, পাবনার নগরবাড়ির ‘মালার’, চট্টগ্রামের ‘বড় শাম্পান’ ও ‘মাছধরা ট্রলার’, চাঁদপুরের ‘গাশী’, মানিকগঞ্জের ‘টাবোরি’, রাজশাহীর ‘গয়না’, খুলনার ‘পদি’সহ বিভিন্ন অঞ্চলের বিলুপ্তপ্রায় বিভিন্ন নৌকা। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান প্রত্নতত্ত্ব্ সংরক্ষণে ফ্রেন্ডশিপের কার্যক্রম উপস্থাপন করতে গিয়ে বলেন, “নৌকা নির্মাণ এদেশের প্রাচীনতম শিল্পের অন্যতম। এর বিশেষত্ব এটিকে শিল্প ও প্রযুক্তির একটি সেরা শিল্পকর্মের রূপ দিয়েছে, যা মানবজীবনের স্মৃতির একটি অংশ।” বিলুপ্তপ্রায় প্রাচীন নৌকা সংরক্ষণে ‘বাংলাদেশের নৌকা সংরক্ষণ’ এর উপর একটি পিটিশন ‘সেইভ দ্যা সেইলস অব বাংলাদেশে’ সবাইকে সাইন করার জন্য #saveTheSails উল্লেখ করে তাদের সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পোস্ট করার অনুরোধ জানান তিনি।

অন্যদিকে পুরাকীর্তিগুলোর মধ্যে ঠাঁই পেয়েছে বিভিন্ন সময়ে উদ্ধার করা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। ছিল বেশকিছু বুদ্ধ মূর্তিও।

নরসিংদী উয়ারী-বটেশ্বর এলাকা প্রত্নস্থল থেকে উদ্ধার করা প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথরের গুটিকা, কাঁচের গুটিকা, লোহার নির্দশন ও মৃৎপাত্রের টুকরাগুলো নিয়ে প্রদর্শনী ছিল আরেকটি গ্যালারিতে। ছিল নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে প্রাপ্ত প্রত্নসম্পদ, ছিল পঞ্চম শতাব্দীতে ভরত ভায়না বৌদ্ধ মন্দিরেরর নানা পুরাকীর্তি।  প্রদর্শনীতে আরও ছিল পোড়ামাটির কলসের গলা ও প্রদীপের ভগ্নাংশ, পাটার ভগ্নাংশ, ঝুমঝুমি, পোড়ামাটির ফুলদানি।

পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য পরিচিতি’ শীর্ষক এক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এই বইগুলো ফ্রেন্ডশিপ কর্তৃক পরিচালিত ৮৬টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, এ পাঠ্যবই হিসেবে ব্যবহার করা হবে।

সন্ধ্যা নামতেই চারপাশ ঢেকে গেল নিকষ কালো অন্ধকারে। নানা রঙের আলোয় আলোকিত হয়ে উঠলো পুরান ঢাকার লালবাগ কেল্লা। শুরুতেই উঠে আসে বুড়িগঙ্গার তীরে ঢাকা নগরীর উদ্ভব। এরপর মোঘল শাসন, পলাশী যুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনাবলির বর্ণনার সঙ্গে ছিলো যাপিত জীবনের চিত্র।  পর্যায়ক্রমে উঠে আসে বাংলাদেশের স্বাধীনতার কথাও। ত্রিশ মিনিটের এ শব্দ-আলো খেলায় ক্ষণে ক্ষণে রং বদলায় লালবাগ কেল্লা। তার উপরে প্রজেকশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করা হয় সে সময়কার ঘটনাবলির চিত্র। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের পরিচালক নাসিরুল হক খোকন জানান, আগের চেয়ে এটিকে আরও আধুনিক করা হয়েছে। ব্যবহৃত হয়েছে এলইডি আলো, লেজার আর প্রজেকশন। যার ফলে আগের চেয়ে এটি আরও দৃষ্টিনন্দন হয়েছে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চিত্রনাট্যে এ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে ধারাবিবরণী দিয়েছেন আসাদুজ্জামান নূর ও শিমূল ইউসুফ।