২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফের দুর্নীতি মামলা খারিজের রায় স্থগিতের শুনানি মুলতবি

বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজের হাই কোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 04:00 PM

Updated : 19 Aug 2022, 04:23 PM

মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেয়।

আদালতে পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

পরে খুরশীদ সাংবাদিকদের বলেন, হাই কোর্ট আলতাফ হোসেন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিলে আবেদন খারিজ করেছিলো। নিয়ম অনুযায়ী আলতাফ হোসেনের আত্মসমর্পণ করে জামিন নেওয়ার কথা। পরে আপিলে আবেদন করবেন।

“কিন্তু আত্মসমর্পণ না করে হাই কোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। বিষয়টি আদালতে উপস্থাপনের পর আদালত আবেদনটি চার সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার করেছেন।”

Image
আলতাফ হোসেন চৌধুরী (ফাইল ছবি)

আলতাফ হোসেন চৌধুরী (ফাইল ছবি)

এর আগে ১২ এপ্রিল মামলা বতিলে রুল খারিজ করে রায় দেয় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ।

রুল খারিজ হয়ে যাওয়ায় এখন বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ঢাকার রমনা থানায় একটি মামলা করা হয়। অভিযোগপত্র জমা দেওয়ার পর আদালতে এ মামলার কার্যক্রম চলছিল।

এক পর্যায়ে আলতাফ হোসেন অভিযোগ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করলে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাই কোর্ট, যা ১২ এপ্রিল খারিজ হয়ে যায়।