২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় হোটেলে নারীর গলাকাটা লাশ

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 01:44 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

মঙ্গলবার সকালে আব্দুল্লাহপুরের নীলা হোটেলে ‘পুষ্পা নামে নিবন্ধিত’ ওই নারীর লাশ পাওয়া যায় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহেনশাহ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত ১২টা থেকে ভোর ৩টার মধ্যে ওই নারীকে হত্যা করা হয়েছে। গলার ক্ষত ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”

হোটেলটির ব্যবস্থাপকের উদ্ধৃতি দিয়ে শাহেনশাহ বলেন, সোমবার রাত ১০টায় স্বামী-স্ত্রী-সন্তান পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে এক পুরুষ ও এক শিশু হোটেলটির চতুর্থ তলার ৪১৪ নম্বর কক্ষে ওঠে। খাতায় ওই নারীর নাম পুষ্পা (৩০) ও পুরুষটির নাম দুর্জয় (৪০) লেখা রয়েছে।

“তবে এই নামগুলো সঠিক নয়।”

ওই নারীর সঙ্গে হোটেলে ওঠা পুরুষ ও শিশুটিকে পুলিশ খুঁজছে বলে জানান এই কর্মকর্তা।

লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।