ম্যাজিস্ট্রেটের সামনেই সাংবাদিককে মারল পরিবহন শ্রমিকরা
ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের আটকে পড়া একটি বাস থেকে নামার সময় ভাড়া ফেরত চাওয়ায় পরিবহন শ্রমিকদের পিটুনির শিকার হয়েছেন এক সাংবাদিক।
সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ইন্দ্রজিৎ সরকারের অভিযোগ, সোমবার মানিক মিয়া এভিনিউতে তার উপর হামলার ঘটনাটি দেখলেও কোনো পদক্ষেপ নেননি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।
অন্যদিকে নির্বাহী হাকিম আব্দুস সালাম বলছেন, বিষয়টি তার এখতিয়ারে না থাকলেও তিনি চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ইন্দ্রজিৎ হামলাকারীদের চিহ্নিত করতে না পারায় কিছু করতে পারেননি তিনি।
সিটিং সার্ভিস তুলে দেওয়ার পর রোববার থেকে ঢাকার বিভিন্ন রুটের বাস শ্রমিকদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে বচসা ও মারামারি চলছে।
বাসগুলোকে নিয়ম মানাতে বিভিন্ন স্থানে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে। এর মধ্যেই সোমবার দুপুরে সংসদ ভবনের সামনে প্রহৃত হন সাংবাদিক ইন্দ্রজিৎ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে মিরপুর যাওয়ার জন্য ফার্মগেইট থেকে নিউ ভিশন পরিবহনের একটি বাসে উঠেছিলেন তিনি। খানিকক্ষণ পরই ভ্রাম্যমাণ আদালত বাসটি আটকায়।
“অনেকক্ষণ ধরে বাসটি থেকে থাকায় আমি কন্ডাকটারের কাছে ভাড়া ফেরত চাই। তখন সে বলে যে তার বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে, তাই সে ভাড়া ফেরত দিতে পারবে না।”
ভাড়ার সঙ্গে জরিমানার কোনো সম্পর্ক নেই- বলার পর কয়েকজন পরিবহন শ্রমিক মিলে টেনে হিঁচড়ে পাশে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে গালাগালি ও কিল-ঘুষি মারতে থাকে বলে জানান ইন্দ্রজিৎ।
তখন এক পুলিশ কর্মকর্তা ইন্দ্রজিৎকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাকিম সালামের কাছে নিয়ে যান।
“আমি ম্যাজিস্ট্রেটের কাছে মারধরের বিচার চাইলে তিনি গুরুত্ব না দিয়ে পরিবহনের লোকজনের সঙ্গে জড়ানো ঠিক হয়নি বলে আমাকে জ্ঞান দিতে থাকেন। ওই ম্যাজিস্ট্রেট বলেন, তিনিও না কি বাসে চলাফেরা করেন, কিন্তু তার সঙ্গে কখনও এমন ঘটনা ঘটেনি।”
“ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমি কথা বলার সময় হামলাকারীরা উপস্থিত হয়ে বলছিল- ‘স্যার, এরে জেলে পাঠান', ‘জরিমানা করেন স্যার’” বলেন ইন্দ্রজিৎ।
হাকিমের কাছে কোনো প্রতিকার না পেয়ে চলে আসেন বলে জানান এই সাংবাদিক।
এ বিষয়ে হাকিম সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তার এখতিয়ারভুক্ত না হওয়ায় তার করণীয় কিছু ছিল না।
“তবে অভিযোগকারী হামলাকারীদের শনাক্ত করতে পারলে তাদের থানায় পাঠিয়ে দিতাম।”
ইন্দ্রজিৎ বলেন, “যারা আমাকে মেরেছিল, আমি তাদের দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু ম্যাজিস্ট্রেট তা আমলে না নিয়ে পরিবহনের লোকজনের পক্ষ নিয়ে বিভিন্ন কথা বলেছেন।”
