২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘরে পাখি বিষয়ক প্রদর্শনী

বিপন্ন প্রজাতির পাখি রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে পাখি বিষয়ক এক প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 09:54 PM

Updated : 11 Oct 2022, 01:49 PM

‘পাখির দেশ বাংলাদেশ’ শিরোনামে এ প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ বার্ড ক্লাব।

গত শনিবার শুরু হওয়া পাক্ষিক এ প্রদর্শনীতে ক্লাবের আলোকচিত্রীরা তুলে এনেছেন ১০০  প্রজাতির পাখির দিনযাপনের গল্প। উঠে এসেছে বিপন্নতার গল্প।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ, জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগ, সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা বিভাগ ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের সংগৃহীত নির্দশনও এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।

প্রদর্শনীতে উঠে এসেছে তিতির বনমুরগি পরিবারের ধলা বালিহাঁস, কালা তিতির। হাঁস পরিবারের ছবিতে দেখা যায়- নাকতা হাঁস, সিঁথিহাঁস ও উত্তুরে ল্যাঞ্জাহাঁস; ডুবুরি পরিবারের দেখা মিলল বড় খোপাডুবুরি, গুরগুরি পরিবার, বেইলন গুরগুরি, মেটেবুক ঝিল্লিকে।

ধলাগলা মানিকজোড়, কালাগলা মানিকজোড়ের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে বিপ্ন্ন প্রজাতির ধুপনি বক ও লালচে বক। বড় মোটাহাঁটু, এশীয় ডউইচার, ইউরেশীয় ঝিনুকমারের পাশাপাশি পাপিয়া চোখগেলো পাখিও রয়েছে। গাঙচিল-পানচিজ পরিবারের খয়রা মাথা, সরুঠুটি ও কাস্পিয়ন; পাশেই ঠাঁই পেয়েছে শিকারী পরিবারের উদয়ী মধুবাজ, মাদমুরালি, কালা ঈগলের ছবি।

কাঠঠোকরা পরিবারের মোটামাথা কাঠকুড়ালি, ছোট হলদেকুড়ালি, টিয়া পরিবার থেকে রয়েছে বাসন্তী লাটকন টিয়া, ফিঙ্গে পরিবারে কেশরী ফিঙে। ইউরেশীয় গাছ চড়াইয়ের পাশে দেখা যায় ছাতারে উহিনা পরিবারকে। হলদেবুক চটক, পাতিতুতির পাশাপাশি দেখা গেল কমলাপেট হরবোলা, জর্ডানের মাড়ফিদ্দা, পাতি শিলাফিদ্দা পাখিগুলোর।

প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ‘পটুয়া’ কামরুল হাসানের আঁকা বেশকটি পাখির ছবি। জলরঙ, রঙিন কালি ও পোস্টার রঙে তার আঁকা পাখি, ময়ূর ও বকের ছবি ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে।

প্রদর্শনীতে দেখা গেল পোড়ামাটির ফলক। পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে উদ্ধার করা দ্বাদশ শতকের ফলক ‘পদ্মডাটা মুখে রাজহাঁস’ এবং ‘পদ্মডাটা মুখে ময়ূর’ ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। এতে আরও ঠাঁই পেয়েছে টিয়া নলডাঙ্গা থেকে উদ্ধার করা ১৯ শতকের টিয়া পাখি ও হাঁসের সারির ফলক।

আয়োজকরা বলছেন, এই প্রদর্শনী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য সুরক্ষায় সমৃদ্ধ জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করবে।

মূকাভিনয় উৎসব

সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)র আয়োজনে তিনদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধান বাহাদুর অলি। অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে মূকাভিনয় প্রদর্শনী করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।

এবারের মূকাভিনয় উৎসবে অংশ নিচ্ছে জাপান, শ্রীলংকা, ভারত, নেপাল, চীন, ভুটানের মূকাভিনয় শিল্পীরা। এছাড়া অংশ নিচ্ছে বাংলাদেশে মূকাভিনয় চর্চারত দল - মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), জেন্টেলম্যান প্যান্টোমাইম (ঢাকা), জাহাঙ্গীরনগর থিয়েটার, মাইম আর্ট (ঢাকা), বেঙ্গল থিয়েটার (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), প্রভাতফেরি (চুয়েট), নর্থ-সাউথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি, জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি, মাইম অ্যাকশন ময়মনসিংহসহ মোট ১০টি মূকাভিনয় দল।

প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এছাড়াও শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে স্ট্রিট শো। তিন দিনের আয়োজনে থাকছে মূকাভিনয়ের উপর কর্মশালা, সেমিনার, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।

তিনদিনের উৎসবে প্রতিদিন সন্ধ্যায় সাড়ে ৬টায় থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী।

১৯ এপ্রিল রাত ৯টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব।