২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব ফাঁকির মামলায় ইউনাইটেড ট্রেডমার্ক চেয়ারম্যান কারাগারে

মিথ্যা ঘোষণায় হোউজিং পাইপ আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকির মামলায় ইউনাইটেড ট্রেডমার্কের চেয়ারম্যান তোফায়েল আহমদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 08:46 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

মিথ্যা ঘোষণায় হাউজিং পাইপ আমদানি করে প্রায় ৫৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে দুই রাজস্ব কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রামের বন্দর থানায় সোমবার সকালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার পর প্রধান আসামি মেসার্স ইউনাইটেড ট্রেডমার্কের মালিক তোফায়েল আহমেদ খানকে দুপুরে রাজধানীর মগবাজারের নয়াটোলার বাসা থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

দুদকের প্রসিকিউশন কর্মকর্তা সহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ আসামি তোফায়েল আহমদকে মামলার তদন্ত ও বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান।

“আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জামিন চান। শুনানিতে তিনি বলেন, তোফায়েল আহমদ চৌধুরী ঘটনার সঙ্গে জড়িত নন। হয়রানি করার উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যলয়ে ডেকে এনে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।”

মামলার অন্য আসামিরা হলেন- জিএসএস ট্রেড সিন্ডিকেটের মালিক শহিদুল আলম তালুদকার, চুয়াডাঙ্গা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা জে এম আলী আহসান এবং নারায়ণগঞ্জের কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা শেখ মো. হারুনুর রশিদ।

মামলার এজাহারে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন রাজশাহী বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের প্রয়োজনে গভীর নলকূপের জন্য গত বছরের ৬ এপ্রিল চার হাজার মিটার পাইপ আমদানির দায়িত্ব পায় মেসার্স ইউনাইটেড ট্রেডমার্ক।

এরপর গত ১৩ অগাস্ট পাইপগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে আমদানিকারক প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ট্রেড সিন্ডিকেটের’ মাধ্যমে পাইপগুলো তেল ও গ্যাস পাইপ লাইনে ব্যবহারের জন্য মিথ্য ঘোষণা দিয়ে শুল্কায়নের মাধ্যমে ছাড় করানো হয়।

ওই সময় চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা শেখ মো. হারুনুর রশিদ ও রাজস্ব কর্মকর্তা জে এম আলী আহসান মালামালগুলো শুল্কায়ন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এভাবে শুল্কায়নের মাধ্যমে ৫২ লাখ ৫৮ হাজার ৬৭৯ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসামিরা আত্মসাৎ করেন।