মিয়ানমারে পৌঁছে থামল মারুথা, সংকেতও নামল
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মারুথা মিয়ানমার উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজে কিছু বিধ্বস্ত বাড়ি-ঘর ও বৈদ্যুতিক খুঁটির ছবি এলেও সরকারিভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাদেশের আবহওয়া অফিস জানিয়েছে, রোববার রাত ৩টার দিকে ঘূর্ণিঝড়টি স্যান্ডোওয়ের কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে।
এরপর বৃষ্টি ঝরিয়ে ঝড়টি দুর্বল হয়ে পড়ে এবং এক সময় স্থল নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া ও সাগরের পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ছবি: মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়/ফেইসবুক
ছবি: মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়/ফেইসবুক
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর শনিবার তা নিম্নচাপের রূপ নেয়।
এরপর একই দিনে সেটি গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী তখন মৌসুমের প্রথম এ ঘূর্ণিঝড়ের এর নাম দেওয়া হয়েছে মারুথা। এ নামটি প্রস্তাব করেছিল শ্রীলঙ্কা।
