২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের অস্ত্র কিনে প্রতিরক্ষা জনগণের সঙ্গে প্রহসন: আনু মুহাম্মদ

প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘সুন্দরবনকে ধ্বংস করে’ ভারত থেকে অস্ত্র কিনে প্রতিরক্ষা ব্যবস্থা করাটা জনগণের সঙ্গে ‘প্রতারণা, প্রহসন ও নিষ্ঠুরতা’ ছাড়া আর কিছু না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 01:37 AM

Updated : 19 Aug 2022, 04:22 PM

আগামী ২০ এপ্রিল খুলনায় সুন্দরবন উপকূলীয় ‘মহাসমাবেশ’ উপলক্ষে রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্যে একথা বলেন তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে তিনি বলেন, “প্রাকৃতিক প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে সুন্দরবন। কিন্তু সুন্দরবনকে ধ্বংস করে, প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আপনি (প্রধানমন্ত্রী) ভারত থেকে অস্ত্র কেনার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা করবেন, সেটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা ও প্রহসন এবং চরম নিষ্ঠুরতা ছাড়া আর কিছু না। এটা বাংলাদেশের জনগণের প্রতি নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু না।

“জনগণকে রক্ষা করে যে সুন্দরবন, সেই সুন্দরবন আপনি নষ্ট করবেন, তারপর ভারত থেকে অস্ত্র কিনে বলবেন এটা প্রতিরক্ষার জন্য কিনছি, এর চেয়ে চরম প্রতারণা এবং নিষ্ঠুর রসিকতা জনগণের সাথে আর কিছু হতে পারে না।”

ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র করছে সরকার। এর বিরোধিতা করে তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বলছে, এই বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে।

তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আশ্বস্ত করে বলা হয়েছে, পরিবেশের ক্ষতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা থাকবে আধুনিক প্রযুক্তির ওই বিদ্যুৎ কেন্দ্রে।  

সমাবেশে আনু মুহাম্মদ বলেন, “সারা বাংলাদেশের জন্য এই প্রকল্প সুন্দরবন বিনাশের মাধ্যমে একটা বিপদ অর্থাৎ বাংলাদেশকে অরক্ষিত করবে। কিন্তু উপকূলীয় মানুষের জন্য এই প্রকল্প হবে মহাবিপদের আরেক নাম। এর কারণ হল, উপকূলীয় মানুষেরা তাদের জীবন-জীবিকার জন্য যেভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল, এর বিকল্প তাদের সামনে আর কিছু নেই।”

‘দুর্নীতি ও দায়িত্বহীনতার’ কারণে হাওর অঞ্চলের বাঁধ ভেঙে লাখ লাখ মানুষ বিপর্যস্ত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “শত শত কোটি টাকার ধান সম্পদ নষ্ট হয়েছে। সেটা মানুষের তৈরি করা বাঁধ, যা নির্মাণ করতে খরচ হয়েছে।

“আর সুন্দরবন হচ্ছে এমন একটা বাঁধ যে বাঁধের জন্য কোনো টাকা খরচ হয় না, বরং টাকা খরচ না করলেই সুন্দরবনের মতো প্রাকৃতিক বাঁধের রক্ষা নিশ্চিত হয়। সেই সুন্দরবন হাজার লক্ষ টাকা দিয়েও বানানো যায় না।”

বাসদের নেতা জুলফিকার আলীর সভাপতিত্বে সমাবেশেয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারা ঘুরে পল্টন হয়ে মতিঝিল এলাকায় গিয়ে শেষ হয়।