ফরিদপুরের সাবেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম এ মামলা করেন বলে সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে দুই কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৩৬৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া অসৎ উদ্দেশ্যে তিনি ৫৪ লাখ ৯০ হাজার ৪১০ টাকার সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ এপ্রিল ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালচামট মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে ‘দুর্নীতি ও টেন্ডারবাজির’ মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের একটি অভিযোগ পায় দুদক। এরপর একই বছরের ২৯ এপ্রিল অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক।
প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ওই বছরের ২৭ অগাস্ট সম্পদ বিবরণী চেয়ে মোকাররম মিয়া বাবুকে নোটিস দেওয়া হয়। এরপর তিনি ১৭ সেপ্টেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ তিন কোটি ৪৯ লাখ ২৬ হাজার ২৪৯ টাকা বলে উল্লেখ করেন।
কিন্তু দুদকের অনুসন্ধানে মোকাররম মিয়া বাবুর চার কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৬১ টাকার অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায়। এছাড়া পৈতৃকসূত্রে পাওয়া তার আরও এক কোটি ৮৫ লাখ ৪১ হাজার ৯৩ টাকার সম্পদ রয়েছে।
দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, মোকাররম মিয়া বাবু দুই কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৩৬৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়া আরও ৫৪ লাখ ৯০ হাজার ৪১০ টাকার সম্পদের তথ্য তিনি গোপন রেখেছেন।
