২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন জালিয়াতি: আইনজীবীসহ দুইজন গ্রেপ্তার

ভুয়া জামিননামা তৈরি করে বিভিন্ন মামলার আসামিদের জামিনে মুক্তির ব্যবস্থা করার অভিযোগে এক আইনজীবী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 06:25 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

ঢাকার বংশাল থানাধীন চানখারপুল এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার দুপুরে পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

এরা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ ও তার সহযোগী মুহুরী মো. বনি আমিন।

ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, তাদের কাছ থেকে সুপ্রিম কোর্ট, জেলা ও দায়রা জজ আদালত এবং বিভিন্ন জেলাখানার ডেপুটি জেলারদের ৮১টি সিল উদ্ধার করা হয়েছে।

এছাড়া ১৩টি মামলার আসামিদের নথিও তাদের কাছে পাওয়া গেছে, যেগুলোর মধ্যে অন্তত দুটি মামলায় কাগজপত্র জাল করে হাই কোর্টে উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিন করানো হয়েছে বলে পুলিশের ভাষ্য।

আব্দুল বাতেন জানান, অন্য মামলাগুলোর আসামিদের তথ্যও যাচাই করে দেখছেন তারা।

তিনি জানান, ২০১৬ সালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার একটি মাদক মামলায় পাঁচ হাজার ইয়াবাসহ আসামি ফজর আলীকে গ্রেপ্তারের কথা বলা হলেও ওই চক্রটি কাগজপত্র জালিয়াতি করে ইয়াবার সংখ্যা ১৮০টি দেখিয়ে আসামির জামিনের আবেদন করে। আদালত তার জামিন মঞ্জুর করে।

একইভাবে রাজধানীর মুগদা থানার এক মামলার তথ্য বিকৃতি ঘটিয়ে উচ্চ আদালতে উপস্থাপনের মাধ্যমে এক মাদক মামলার আসামির জামিনে মুক্তি পাওয়ার তথ্য পুলিশের সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

ওই চক্র বিভিন্ন আদালতের সিল জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা তৈরির পর কারাগারে পাঠিয়ে আসামিদের জামিনে বের করে নিয়ে আসত বলে আব্দুল বাতেন জানান।