গানে গানে বর্ষবিদায় সুরের ধারার
গানে গানে বাংলা ১৪২৩ সালকে বিদায় জানিয়েছে সুরের ধারা।
বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার দুই দিনব্যাপী নানা আয়োজনের প্রথম পর্ব ছিল বর্ষবিদায়।
বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই শুরু হয় সুরের ধারার বর্ষবিদায়ের অনুষ্ঠান ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’।
‘অন্তর মম বিকশিত কর’ গান পরিবেশনের মাধ্যমে সুরের ধারার শিল্পীরা সমবেত কণ্ঠে অনুষ্ঠান শুরু করেন।
পরে ‘প্রাণে আমার পুলক লাগে’, ‘চিত্ত বিকশিত সূচনার তরে’সহ বিভিন্ন গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন শিল্পীরা।
গান, কবিতা ও নৃত্য পরিবেশনের এই আয়োজনে হাজির হয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরীসহ অনেকে।
বর্ষবিদায়ের এই আয়োজন চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
রাত ১২টায় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার আহ্বান জানিয়ে সুরের ধারার চেয়ারম্যান সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “বিগত বছরের সমস্ত ব্যর্থতা, সমস্ত সংশয়, সংকট, অবাঞ্ছিত সব ঘটনাকে পিছনে ফেলে আগামীর দিকে আমরা তাকাব।
“আগত বছর আমাদের জন্য শুভ হোক, মঙ্গল বয়ে আনুক আমাদের সবার জীবনে, আমাদের দেশে, সারা পৃথিবীতে। সেই প্রার্থনায় আমরা সবাই মিলে গাইব এখন ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।"
বর্ষবিদায়ের অনুষ্ঠানের পর রাতে বাউল গানের আসর বসার কথা জানান আয়োজকরা। আর ভোর ৬টায় শুরু হবে গানের অনুষ্ঠান ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’।
