২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ উৎসবে রাশ টানায় নাখোশ সংস্কৃতিমন্ত্রী

নিরাপত্তার কারণ দেখিয়ে সূর্যাস্তের আগে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করার নির্দেশনায় নাখোশ হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 10:23 PM

Updated : 19 Aug 2022, 04:20 PM

নিরাপত্তাকে অবশ্যই অগ্রাধিকারে রাখতে হবে বলে মনে করেন তিনিও। তবে তার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হওয়ায় সেদিকে খেয়াল রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

যে জঙ্গিবাদের জন্য নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে, তা নির্মূলেই সাংস্কৃতিক চর্চা জরুরি বলেও স্মরণ করিয়ে দিয়েছেন মন্ত্রী।

জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই কেবল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে মোকাবেলা করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, “শিক্ষা ও সংস্কৃতির আলোয় সবার অন্তরকে আলোকিত করতে হবে। তা না হলে ধর্মের অপব্যাখ্যার অন্ধকার দূর হবে না মানুষের মন থেকে।

“সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ মানুষ সবাই মিলে এ লড়াই করতে হবে।”

পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন আসাদুজ্জামান নূর।

‘অন্ধকারের শক্তি’ ধর্মের অপব্যাখ্যা দিয়ে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, “মঙ্গল শোভাযাত্রা বা পহেলা বৈশাখ উদযাপনের সাথে ধর্মের কোনো সংঘাত বা সংঘর্ষ নেই। আমাদের সবাইকে একত্রে এসব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে।”

এই প্রেক্ষাপটে বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে ঢাকা মহানগর পুলিশের নির্দেশনার সমালোচনা করে তিনি বলেন, “অমর একুশে গ্রন্থমেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানাদি যদি রাত অবধি চলতে পারে, সেখানে যদি নিরাপত্তা ঠিক থাকে, তাহলে সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ক্ষেত্রেও ধরাবাধা নিয়ম হওয়া উচিত নয়।”

এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতির পর এবার মঙ্গল শোভাযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী নূর। তার মন্ত্রণালয় থেকেই এবার সারাদেশে প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, “উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদকে বাঙালি জাতি যে প্রত্যাখ্যান করেছে, অসাম্প্রদায়িক মঙ্গল শোভাযাত্রা সারা দেশে উদযাপনের মাধ্যমে তা আমরা গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই।

“বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও যখন জঙ্গি হামলা হচ্ছে, সেই সময় এই স্বীকৃতি বিশ্বে নতুন করে আমাদের সংস্কৃতির চরিত্রকে,শক্তিকে তুলে ধরেছে। বিশ্ববাসীকে আমরা নতুন করে জানাতে পারছিবাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য, আমাদের সংস্কৃতির প্রতিবাদী শক্তি।”

বাংলাদেশে নতুন বছরে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল ১৯৮৬ সালে, যশোরের সাংস্কৃতিক সংগঠন চারুপীঠ-এর আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এর প্রথম আয়োজন ১৯৮৯ সালে। নিজের উদ্যোগে সেইশোভাযাত্রার পোস্টার ছাপিয়ে দিয়েছিলেনসংস্কৃতিকর্মী নূর।

ওই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “তখন এরশাদবিরোধী আন্দোলন চলছে। আমরা সংস্কৃতিকর্মীরা সবসময় আন্দোলনে ব্যস্ত ছিলাম। এরশাদের স্বৈরাচারীর বিরুদ্ধে সংস্কৃতিকে অবলম্বন করে সুন্দরের প্রত্যাশা, অন্বেষণ ছিল সে আয়োজনে।

“দেশে যখন সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে তখন প্রতিবাদের ভাষা নিয়ে রাজপথে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এ শোভাযাত্রার মাধ্যমেই আমরা যুদ্ধাপরাধী ও স্বৈরাচারী সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করতে দেখেছি।”

সংস্কৃতিমন্ত্রী বলেন, কালের বিবর্তনে বর্ষবরণ উৎসবের চরিত্র বদলেছে।

“উৎসবের গণ্ডি পেরিয়ে তা হয়ে উঠেছে মানবিকতা ও সম্প্রীতির উৎস।”

পুরনো খবর:

বৈশাখ বরণে লড়াইয়ের ডাক