নওগাঁর করোনেশন হল ভেঙ্গে মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা
শিল্প, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্ব ও রাজনীতিকদের স্মৃতিবিজড়িত নওগাঁর ঐতিহ্যবাহী করোনেশন হল ভেঙ্গে মার্কেট নির্মাণে ছয় মাসের মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে এই হলকে প্রত্মতাত্ত্বিক নিদর্শন হিসেবে কেন ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।
চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট গোলাম মাহমুদ শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে আইনজীবী এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, করোনেশন হল ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দোপাধ্যায়সহ সমকালীন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব নানা উপলক্ষে বিভিন্ন সময়ে এই হলে এসেছেন।
তাছাড়া ব্রিটিশ আমল থেকে শুরু করে রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বহু রাজনৈতিক সম্মেলন হয়েছে এই হলে। তাই এই হলটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।
কিন্তু শতবর্ষী এই হলটি অবৈধভাবে দখল করে সম্প্রতি মার্কেট নির্মাণের চেষ্টা করছে করোনেশন হল সোসাইটি নামের একটি সংগঠন। যদিও এই সংগঠনটির সঙ্গে এই হলের মালিকানার কোনো সম্পর্ক নেই। মূলত এটি সরকারি সম্পত্তি।
তাই এই হলের অবৈধ দখল প্রচেষ্টার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল আরেফিন বুধবার হাই কোর্টে রিট আবেদন করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত নিষেধাজ্ঞাসহ এই রুল জারি করে।
