২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের নিবন্ধন করা যাবে আরও ৭ দিন

প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের জন্য দ্বিতীয় দফায় আরও সাত দিন সময় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 05:18 PM

Updated : 19 Aug 2022, 04:20 PM

এই সময়ের মধ্যে ২ লাখ ১৭ হাজার ২৮৮ নম্বর ক্রমিকের মধ্যে থাকা প্রাক-নিবন্ধিতরা নিবন্ধন না করলে পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিতদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

এর আগে দুইবার সময় দিয়েও কোটার সমান সংখ্যক হজযাত্রীর নিবন্ধন না হওয়ায় সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

গত ২৮ থেকে ৩০ মার্চ হজ নিবন্ধনের সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ না হওয়ায় এই সময় ১০ এপ্রিল পর্যন্ত বাড়ায় ধর্ম মন্ত্রণালয়।

বেসরকারি প্রাক-নিবন্ধনের সিরিয়াল নম্বর ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত চলতি বছরের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করেছিল ধর্ম মন্ত্রণালয়।

আগামী ১৭ এপ্রিলের মধ্যে ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত ক্রমিকের প্রাক-নিবন্ধনকারীরা নিবন্ধন না করলে পরবর্তী সিলিয়ালের প্রাক-নিবন্ধনধারীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

সৌদি সরকারের নিয়ামানুযায়ী, হজে যেতে নির্দিষ্ট সার্ভারের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হয়। তবে এই নিবন্ধনের আগে বাংলাদেশে বছর জুড়েই প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চালু থাকে।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন।

কোটার থেকে বেশি প্রাক-নিবন্ধন হওয়ায় ২ লাখ ১৭ হাজার ২৮৮ ক্রমিক চলতি বছরের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ হওযার কথা রয়েছে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৬০৪ জন হজ গাইড এবং হজ ব্যবস্থাপনার জন্য হজ এজেন্সির ৮৫০ জন সৌদি যাবেন। বাকি এক লাখ ১৩ হাজার ৭৪৪টি খালি কোটা পূরণের জন্য প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত চলতি বছরের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

“সংশ্লিষ্ট হজ এজেন্সি তাদের ব্যাংক হিসাবে নিবন্ধন ভাউচারের মাধ্যমে বিমান ভাড়া বাবদ এক লাখ ২৪ হাজার ৭২৩ টাকা জমা দেবে। হজ এজেন্সি টিকেটের টাকা অন্য কোনো কাজে উত্তোলন করতে পারবে না।”

নিবন্ধন কার্যক্রমে নির্বাচিত ব্যাংকগুলো সরকার নির্ধারিত অর্থ প্রাপ্তি নিশ্চিত করে হজযাত্রীদের নিবন্ধন করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা নিবন্ধনের টাকা জমা দিতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কোটা পূরণের জন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুসরণ করা হবে। সরকার নির্ধারিত সিরিয়ালের বাইরে কারো কাছ থেকে হজ প্যাকেজের অর্থ নেওয়া যাবে না।

নিবন্ধনের জন্য ২০১৭ সালের হজ প্যাকেজ-১ এর সরকারি হজযাত্রীদের বাকি তিন লাখ ৫৩ হাজার ৫০৮ টাকা এবং হজ প্যাকেজ-২ এর হজযাত্রীদের বাকি ২ লাখ ৯১ হাজার টাকা জমা দিতে হবে।

পুরনো খবর:

হজ নিবন্ধনের সময় বাড়ল ১১ দিন