মন্ত্রিসভায় উঠছে প্রতিরক্ষা নীতির খসড়া
জাতীয় প্রতিরক্ষা নীতির খসড়া পর্যালোচনার পর মন্ত্রিসভায় তোলার জন্য এখন প্রস্তুত।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এক বৈঠকে খসড়াটি পর্যালোচনা করা হয় বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বৈঠকে খসড়া প্রতিরক্ষা নীতি উপস্থাপন করেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহ্ফুজুর রহমান বৈঠকে শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রেস সচিব বলেন, “জাতীয় প্রতিরক্ষা নীতির খসড়াটি এখন বিবেচনার জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।”
শেখ হাসিনা (ফাইল ছবি)
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোসের্স গোল-২০৩০ বাস্তবায়ন করা হচ্ছে।
“আমরা শান্তিতে বিশ্বাস করি এবং যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না। তবে আমরা কখনও আক্রান্ত হলে যেন সমুচিত জবাব দিতে পারি, এ জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।”
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে তার সরকার নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন বলেও জানান প্রেস সচিব।
বৈঠকে মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সংশ্লিষ্ট সচিব এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
