বিদ্যুতের আসা-যাওয়ায় উত্তরায় ভোগান্তি
ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন রাজধানীর একাংশের বাসিন্দারা। সীমিতভাবে ব্যবস্থা করা হলেও বিদ্যুতের আসা-যাওয়ায় গরমে অতিষ্ঠ তারা।
মঙ্গলবার সারাদিনই চরম দুর্ভোগের জানিয়েছেন উত্তরার কয়েকজন বাসিন্দা।
উত্তরার ৩ নম্বর সেকটরের ১৪ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে সারাদিন ৭-৮ বার কারেন্ট গেছে আসছে। আধাঘণ্টার জন্য আসে আবার দুইঘণ্টা থাকে না। বিদ্যুৎ না থাকায় পানির পাম্পও চলছে না।”
উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের বাসিন্দা সুবর্ণা বিশ্বাস জানান, সোমবার বিকাল থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই।
“বিদ্যুৎ না থাকায় বাসায় পানিও নেই। পানির অভাব ও গরমে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
যোগাযোগ করা হলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড- ডেসকোর প্রকৌশলী মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সমস্যাটি প্রায় সমাধান করে এনেছেন।
“আমরা প্রায় শেষ করে এনেছি। আর ঘণ্টাখানেকের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের ৩৩ কেভি ব্রেকার প্যানেলে আগুন ধরেছিল। এরপর থেকে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ঠিক হয়ে যাবে।”
সোমবার তিনি জানিয়েছিলেন, বিকাল সাড়ে ৫টায় ওই ট্রান্সফরমারে আগুন ধরে। এতে ওই এলাকার সড়কের পশ্চিমপাশের বিভিন্ন বাসা-বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে রাত ৯টার দিকে জরুরি ভিত্তিতে উত্তরা ১ নম্বর সেক্টর, নিকুঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়।
