বিকাল থেকে বিদ্যুৎহীন উত্তরা
একটি ট্রান্সফরমার পুড়ে বিকাল থেকে বিদ্যুৎহীন হয়ে আছেন রাজধানীর উত্তরার একাংশের বাসিন্দারা।
এতে চরম দুর্ভোগে পড়ার কথা জানিয়েছেন ওই এলাকার কয়েকজন বাসিন্দা।
উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের বাসিন্দা সুবর্ণা বিশ্বাস বলেন, মঙ্গলবার বিকাল থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই।
“বিদ্যুৎ না থাকায় বাসায় পানিও নেই। পানির অভাব ও গরমে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকোর প্রকৌশলী মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরায় আমাদের একটি বড় ট্রান্সফরমার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায়। এতে ওই এলাকার সড়কের পশ্চিমপাশের বিভিন্ন বাসা-বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।”
বিকাল সাড়ে ৫টায় ওই ট্রান্সফরমারে আগুন ধরে বলে জানান তিনি।
পরে রাত ৯টার দিকে জরুরি ভিত্তিতে উত্তরা ১ নম্বর সেক্টর, নিকুঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সুবর্ণা বিশ্বাস জানান, ডেসকোর লোকেরা তাদের বাসায় এসেছিল।
“তারা বলেছে, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ লাইনে কাজ হবে।”
