৩৫তম বিসিএস: প্রশাসন ক্যাডারের ২৮০ কর্মকর্তাকে পদায়ন
পঁয়ত্রিশতম বিসিএসে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৮০ জনকে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক আদেশে এসব সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বিভিন্ন বিভাগে পদায়ন করে।
পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২ মে সকাল ৯টায় ঢাকার ৬৩ নিউ ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনে উপস্থিত থেকে যোগ দিতে বলা হয়েছে।
“কোনো কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকুরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে,” বলা হয়েছে প্রজ্ঞাপনে।
গত ২ এপ্রিল ৩৫তম বিসিএসে দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৬ সালের ১৭ অগাস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন।
