২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর কেন অবৈধ নয়

বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 07:30 PM

Updated : 19 Aug 2022, 04:18 PM

৯১ জনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই রুল দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির ও মোহাম্মদ শাফায়েত জামিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, আইন সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে আইনজীবী হুমায়ন কবির বলেন, ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ণ বিধিমালায় নিবন্ধনের কোনো সময়সীমা ছিল না।

২০১৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়।

সংশোধিত বিধিমালার ১০(১) ধারা চ্যালেঞ্জ করে রিট করেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. আলামিনসহ ৯১ জন, যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সংশোধিত বিধিমালার ১০(১) ধারায় বলা হয়েছে, ‘বিধি ১০ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে।, যথা:-‘‘(১) বিধি ৯ এর উপ-বিধি (৩) অনুযায়ী পরীক্ষায় ফল প্রকাশের অনধিক ৯০ দিনের মধ্যে কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীগণকে চতুর্থ তফসিলে বর্ণিত ফরম-৩ অনুযায়ী শিক্ষক নিবন্ধন রেজিস্ট্রারে বা ডাটাবেজে নিবন্ধন করিবে এবং ফরম ৪ অনুযায়ী ৩ বছর মেয়াদী প্রত্যায়নপত্র প্রদান করিবে।’