২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে রাজধানীতে যে যে সড়কে গাড়ি নিয়ন্ত্রণ

বাংলা নতুন বছর বরণে রাজধানীজুড়ে অনুষ্ঠানমালা নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 07:21 PM

Updated : 19 Aug 2022, 04:18 PM

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পহেলা বৈশাখের দিন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাইরের সব গাড়ি চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়।

পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানগুলো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। এজন্য রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইনস্টিটিউট, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে।

“এ কারণে আগের দিন ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরের দিন রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ব্যতীত সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ থাকবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে। 

সন্দেহজনক কোনো সরঞ্জাম, ব্যাগ বা অন্য কোন বস্তু বহন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

পহেলা বৈশাখের দিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে, কয়েকটি স্থানে ঘুরে যেতে হবে। গাড়ির রাখার স্থানও নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ।

চলাচল বন্ধ

১। বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং

২। শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন-কদম ফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং

৩। জিরো পয়েন্ট হতে হাই কোর্ট ক্রসিং এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা

৪। হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিংয়ে বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং

৫। নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং

৬। পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং

৭। বক্শীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং

৮। হাই কোর্ট ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-শহিদুল্লাহ হল ক্রসিং

৯। নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত

ডাইভারশন

১। মিরপুর হতে বিভিন্ন রুটের যে সব বাস ফার্মগেট হয়ে গুলিস্থান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে সেসব বাস হোটেল সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে এবং অন্যান্য গাড়ি হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামটরে বামে মোড় দিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে কাকরাইল চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে

২। মোহাম্মদপুর হতে যে সব রুটের বাস মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ি-শ্যামপুর যাবে সেসব রুটের বাস মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বক্শীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে। তবে প্রাইভেটকারগুলো সাইন্সল্যাব থেকে কাঁটাবন পর্যন্ত আসতে পারবে এবং কাঁটাবন থেকে ডানে বামে যেতে পারবে

৩। টঙ্গী-এয়ারপোর্ট হতে যে সব রুটের বাস গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে সে সব রুটের বাস টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণী বামে মোড় বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং বামে মোড় খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে-আসবে এবং অন্যান্য গাড়ি মহাখালী হয়ে মগবাজার-কাকরাইল চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে

৪। ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে যে সব রুটের বাস এবং অন্যান্য গাড়ি গুলিস্থান, ফুলবাড়ীয়া যাতায়াত করে সে সব রুটের বাস ও অন্যান্য গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব সোজা নিউমার্কেট-আজিমপুর-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বক্শিবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে

পার্কিং

১। নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উত্তর দিকের গাড়িসমূহ)

২। জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং ইউবিএল থেকে দৈনিক বাংলা

৩। কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)

 ৪। মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)

৫। শিল্পকলা একাডেমি গলি  (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)

৬। সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং)

৭। কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়ি)

পুরনো খবর:

বর্ষবরণের নিরাপত্তায় রাজধানীতে ১১ হাজার পুলিশ