গণমাধ্যমের স্বাধীনতার স্বেচ্ছাচারী ব্যবহার নয়: ইকবাল সোবহান
গণমাধ্যমের স্বাধীনতাকে স্বেচ্ছাচারীভাবে ব্যবহার না করার ব্যাপারে দেশের গণমাধ্যম প্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার ইনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি, সাংবাদিক ও যোগাযোগ কর্মীদের নিয়ে মানবাধিকার সংগঠন ‘আর্টিকেল নাইন্টিন’ আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইকবাল সোবহান বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, তেমনি সাংবাদিকদের উচিৎ দায়িত্বশীল ভাবে আইন মেনে চলা।
“গণমাধ্যমের স্বাধীনতাকে স্বেচ্ছাচারী ভাবে ব্যবহার করা যাবে না। যথেচ্ছ সাংবাদিকতার লাইসেন্স ব্যবহার করার কোনো সুযোগ নেই।”
‘হলুদ সাংবাদিকতার’ কারণে সৃষ্ট দাঙ্গা-কোন্দলের বিভিন্ন উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “স্বাধীনতার নামে আমরা যেন তথ্য বিকৃতি না করি।”
অনুষ্ঠানে সাংবাদিকদের তথ্য অধিকার আইনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেন, “এই আইন ব্যবহার করুন। এতে আপনারা অনেক তথ্য পেতে পারেন, যা অনেক নতুন স্টোরি করতে সাহায্য করবে।”
সাংবাদিক ও সামাজিক যোগাযোগ কর্মীদের ‘পেশাগত ঝুঁকি প্রশমন’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিষ্ঠান আর্টিকেল নাইন্টিনের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক তাহমিনা রহমান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ফায়জুল হক, আন্তর্জাতিক মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক পরামর্শক সিল্কে লেভেনকিয়রসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
