২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী শোভাযাত্রা ‘সুন্দরবন রক্ষার’ দাবিতে করার আহ্বান

সুন্দরবন রক্ষার দাবি নিয়ে বাংলা বর্ষবরণের বৈশাখী শোভাযাত্রা পালনের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 11:15 PM

Updated : 19 Aug 2022, 04:17 PM

সোমবার জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এতে বলা হয়, বাংলাদেশের উৎপত্তি, অস্তিত্ব যে প্রাকৃতিক শর্তে, সেই নদীপ্রবাহ, বনসম্পদ, মাটি, পশু পাখিসহ এই জলজমিনের অসংখ্য প্রাণ এখন বিপন্ন। ‘উন্নয়নের’ নামে দখল দূষণে নদী বন প্রাণবৈচিত্র ভয়াবহ আক্রমণের শিকার। লোভ আর মুনাফার আগ্রাসনে যে বিষাক্ত থাবা তৈরি হয়েছে এই জগতের শরীরে, তাকে প্রত্যাখ্যান করে মানুষ ও প্রকৃতি নিকটবর্তী হলেই প্রকৃত মানবিক উন্নয়নের দেখা পাওয়া সম্ভব।

জাতীয় কমিটি রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল অপতৎপরতা বন্ধসহ সাত দফা বাস্তবায়নের দাবি নিয়ে সেই উন্নয়নের লক্ষ্যেই কাজ করছে বলে বিবৃতিতে বলছেন কমিটির দুই নেতা।

এবারের নববর্ষে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখের বিভিন্ন কর্মসূচিতে প্রাণ প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে কথা বলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলছেন, কণ্ঠে পোশাকে, সজ্জায়, শোভাযাত্রায় তার প্রতিফলন আনুন; সারা দেশে সকল বৈশাখী শোভাযাত্রায় সুন্দরবনকে হাজির করুন।

সুন্দরবন রক্ষার, নদীরক্ষার, দেশের মঙ্গলের আওয়াজ ও সজ্জা নিয়ে সকল শোভাযাত্রা আর মেলায় শামিল হোন। উন্নয়ন যদি মানুষের জন্য হয়, তা অবশ্যই বন ও নদী রক্ষা করতে সক্ষম।