ঢাকায় কেবল অপারেটরকে গুলি
রাজধানীর কাফরুলে এক কেবল অপারেটর দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ইব্রাহীমপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতের নাম মো. জালাল উদ্দিন (৩৬)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালালের ভাই আলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইব্রাহীমপুরের ওই বিদ্যালয়ের পাশের একটি ক্লাবের সামনে আক্রান্ত হন তার ভাই।
“জালাল দাঁড়িয়েছিল। এসময় লাল রঙের পাজারোতে ও মোটর সাইকেল দিয়ে ১৫/১৬ জন এসে জালালকে এলোপাতাড়ি পিটিয়ে ও গুলি করে চলে যায়।”
কেবল অপারেটর জালাল আওয়ামী লীগের যুক্ত ছিলেন বলে জানান আলাল। ব্যবসায়িক বিরোধ থেকে এই হামলা বলে আলালের ধারণা।
“কয়েকদিন ধরে কিলার আব্বাসের নাম করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।”
জালালকে প্রথমে আল হেলাল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, জালালের পাঁজরে, পিঠে ও কোমরে মোট তিনটি গুলি লেগেছে। তার অস্ত্রোপচার চলছে।
