রাষ্ট্রপতির সঙ্গে সৌদির দুই ধর্মীয় নেতার সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ বিন নাসের আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাশিম।
সোমবার বিকালে সৌদি আরবের এই দুই ধর্মীয় নেতা বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
সাক্ষাৎ শেষে জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “দুই অতিথিকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং সৌদি আরব দুটি বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ। দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দেয়।”
“রাষ্ট্রপতি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের কল্যাণে ব্যাপক অবদান রেখেছেন এবং বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সৌদি আারবের উদ্যোগে বাংলাদেশ জোর সমর্থন করে।
তিনি বলেন, পবিত্র কাবা এবং মসজিদে নববী মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র স্থান, তাই তাদের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের প্রচেষ্টা নেওয়া হলে তা সফল হবে।
প্রেস সচিব বলেন, “মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি ২০ বছর আগে বাংলাদেশ ভ্রমণের কথা স্মরণ করে বলেন, এবার সফরে যে উন্নয়ন দেখেছেন তাতে তিনি অভিভূত। তিনি আশা করেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ হবে।”
সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় অব্যাহত সহযোগিতা দিয়ে যাবে বলেও উল্লেখ করেন এই ধর্মীয় নেতা।
প্রেস সচিব বলেন, “তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কৌশলেরও প্রশংসা করেন। তিনি বলেন, আমরা সব সময় দোয়া করি মহান আল্লাহ যেন সব সময় বাংলাদেশ ও এ দেশের মানুষের কল্যাণ করেন।”
