‘আমাদের পার্ক ফেরত চাই, ব্যবস্থা নিন মাননীয় মেয়র’
মেয়রের মুখোমুখি হয়ে যাত্রাবাড়ী পার্কটি দখলমুক্ত করার দাবি জানালেন এক শিক্ষার্থী, তা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সাঈদ খোকন।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
যাত্রাবাড়ী শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী অনুষ্ঠানে বলেন, “আমাদের স্কুলের সামনের যাত্রাবাড়ী পার্ক দখল করে ফেলা হয়েছে। আমরা এ পার্ক ফেরত চাই। এ ব্যবস্থা নিন মাননীয় মেয়র। আমাদের পার্ক ফিরিয়ে দিন।”
জবাবে সাঈদ খোকন বলেন, এ পার্ক উদ্ধারে কাজ শুরু হয়েছে।
“আমরা কাজ শুরু করেছি। এ সপ্তাহে টেন্ডার হবে। তোমরা জুন মাসে এই পার্কে খেলাধুলা করতে পারবে।”
শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, তার বিদ্যালয়ের সামনের সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট তোলা হয়েছে বলে তাদের চলাচলে সমস্যা হয়।
“এইসব দোকানপাটের কারণে স্কুলের চারপাশেই পরিবেশ খুব নোংরা থাকে। আমরা এই সড়কে চলাফেরা করতে পারি না। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আমরা এর প্রতিকার চাই।”
এ্ সমস্যা সমাধানেরও আশ্বাস দেন মেয়র সাঈদ খোকন।
শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ওয়ার্ডে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন বিবিরবাগিচা এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন আহমেদ। এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হবে কি না, তা তিনি জানতে চান মেয়রের কাছে।
প্রয়োজনীয় জমি দিতে পারলে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিদ্যালয় স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা হবে বলে জানান মেয়র।
৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নানা সমস্যা এবং অভিযোগের কথা শুনতে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু।
অনুষ্ঠানের শুরুতে মেয়র সাঈদ খোকন বলেন, ২ বছর হয়েছে মেয়রের দায়িত্ব নিয়েছেন। এখন জনগণের সমস্যার কথা শুনে সেসব সমাধান করবেন।
“আজকে আপনারা বলবেন। আমরা শুনব, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ঢাকা শহর নানা সমস্যায় জর্জরিত ছিল। গত দুই বছর আমরা অক্লান্ত পরিশ্রম করছি। আমরা আপনাদের কাছে ওয়াদা করেছিলাম বলে আপনারা আমাদের ভোট দিয়েছিলেন। এখন আমাদের দেওয়ার পালা।”
একটি পরিচ্ছন্ন শহর গড়তে সবার সহযোগিতা চান মেয়র সাঈদ খোকন।
প্রশ্নোত্তর পর্বে স্থানীয় বাসিন্দারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সিটি করপোরেশন ছাড়াও ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি, ফায়ার সার্ভিস, বিটিসিএলের প্রতিনিধিরাও সেসব সমস্যার কথা শোনেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নির্দেশনা দেন মেয়র।
‘কী বাতি লাগাইছেন’
সায়েদাবাদ এলাকার প্রবীণ এক নারী সড়ক বাতি নিয়ে মেয়রকে অভিযোগ জানান।
“কী বাতি লাগাইছেন, রাইতে কিছুই দেখা যায় না। রাস্তায় হাঁটবার পারি না। ভালো বাতি লাগান, যেগুলার আলো আছে।”
তখন মেয়র সাঈদ খোকন বলেন, আগামী জুনের মধ্যে ওই এলাকার সড়ক বাতি পরিবর্তন করে এলইডি বাতি লাগানো হবে।
পুরো ওয়ার্ডেই মশার চরম উপদ্রব বলে অভিযোগ করে যাত্রাবাড়ী কলাপট্টি এলাকার বাসিন্দা আবু সাঈদ।
“মশার যে ওষুধ ছিটায় তা প্রয়োজনের তুলনায় সামান্য। আর ওষুধের মানও মনে হয় ভালো না। মশা মরে না। এ কারণে আমাদের এলাকার অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হইছে।”
জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, আগামী বছর আরও বাড়িয়ে দেওয়া হবে।
মশার ওষুধের মান খারাপ নয় বলেও দাবি করেন তিনি
দক্ষিণ সায়েদাবাদের কালীমন্দিরটি অবহেলিত অবস্থায় আছে বলে অভিযোগ করেন ইন্দ্রজিত রাজবংশী।
“মন্দিরের দেয়াল ভাইঙা গেছে। টিনের চাল নষ্ট। আমরা স্থানীয় কাউন্সিলরের কাছে একাধিবার আবেদন জানাইছি আমাদের সাহায্য করার জন্য। কিন্তু কোনো সহায়তা পাই নাই।”
সিটি করপোরেশনের সমাজকল্যাণ শাখায় একটি আবেদন করলে সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।
‘মাদক চক্রে পুলিশও’
এলাকায় মাদক বিক্রি অভিযোগ করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাদের কথা জের ধরে মেয়র সাঈদ খোকন পুলিশকেও দায়ী করেন।
তিনি বলেন, “মাদকের সঙ্গে রাজনীতিবিদ নামধারী অনেকে আছে। কিছু পুলিশও এর সঙ্গে জড়িত। মাদক বন্ধে সবার চেষ্টা করা প্রয়োজন।”
যাত্রাবাড়ী এলাকায় মাদকের বিস্তার আগের চেয়ে কমেছে বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমিন।
তিনি বলেন, কয়েকটি চিহ্নিত মাদকের আখড়া ভেঙে দেওয়া হয়েছে।
“আমরা কয়েকটি জায়গায় এসব গুঁড়িয়ে দিয়েছি। তবে কিছু কিছু এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতারা মাদক বিক্রি করে। তাদের ব্যাপারে তথ্য থাকলে সরাসরি আমার নম্বরে ফোন করে জানাবেন। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। পুলিশ বাহিনীর কেউ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।”
