সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতের রুল
মাদারীপুরের কালকিনিতে এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে ঘটনার তদন্ত করে ৩০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, মাদারীপুরের পুলিশ সুপার, কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং কালকিনি থানার ওসিকে রুলে বিবাদী করা হয়েছে।
আদালতে রুলের শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি সাংবাদিকদের বলেন, এই রুলের পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ১৪ মে তারিখ নির্ধারণ করেছে।
রোববার দৈনিক কালের কণ্ঠ পত্রিকার খবর পাতায় ‘সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, “কালকিনিতে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে নির্যাতন করা হয়।
“এ ঘটনায় তিনি থানায় মামলা করতে গেলেও তা নেয়নি পুলিশ। উল্টো শুক্রবার রাতে চাঁদাবাজির একটি মামলা দিয়ে তাকে গ্রেপ্তারের পর শনিবার কারাগারে পাঠানো হয়।”
শহিদুল কালকিনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। তার উপর হামলার প্রতিবাদে শনিবার স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকা কার্যালয়ে সভা করেন স্থানীয় সাংবাদিকরা। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের কর্মসূচি রয়েছে।
শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারের সংবাদ সংগ্রহ করতে পূর্ব এনায়েতনগর ইউনিয়নে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বাদল তালুকদার ও তার সমর্থকদের হামলার মুখে পড়েন শহীদুল।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কালকিনি থানায় নিয়ে যায়। সেখান থেকে বাদল তালুকদারের ছোট ভাই সরোয়ার তালুকদার ও নাজমুল খান নামে দুজনকে আটক করা হয়।
বিকালে শহিদুল মামলা করতে চাইলে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের চাপের মুখে পুলিশ মামলা না নিয়ে তাকে থানায় আটকে রাখে বলে অভিযোগ।
সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে রাতে চাঁদাবাজির মামলায় শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
