ছয় শিল্পীকে সম্মাননা দিয়ে শুরু ওড়িশী নৃত্যোৎসব
রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ওড়িশী নৃত্যোৎসব, যার উদ্বোধনী দিনে সম্মাননা জানানো হয়েছে ছয় নৃত্যশিল্পীকে।
শনিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে চট্টগ্রামের ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের ষোড়শ বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এ নৃত্যোৎসবের আয়োজন করা হয়।
এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন।
উৎসবের উদ্বোধনী দিনে বরেণ্য ছয় নৃত্যশিল্পীকে জানানো হয় সম্মাননা।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- আমানুল হক, মীনু হক, সাজু আহমেদ, শর্মিলা বন্দোপাধ্যায়, মুনমুন আহমেদ ও তামান্না রহমান।
ত্রিভঙ্গি আশ্রিত উড়িশী নৃত্যে রয়েছে নানা পর্ব- মঙ্গলাচরণ, শিবন্দনা, বটু আর সবশেষে মোক্ষ। অনুষ্ঠানে এ নৃত্যের পরিবেশনা করে চট্টগ্রামের ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের নৃত্যশিল্পীরা।
এ আয়োজনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী, কলকাতার গুঞ্জনের পরিচালক গুরু পৌষালী মুখার্জী ও ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু।
উদ্বোধনীর আলোচনা পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রামের ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের সভাপতি অধ্যাপক অনুপম সেন।
এরপর ছিল বটু, তার পরেই ‘আজি দক্ষিণ পবনে’ শিরোনামে রবীন্দ্রনৃত্য। এর পর রাগ আরবী, তাল একোতালি ও চার মাত্রার পল্লবী। রাগ যুগ্মদ- এবং রাগ সাবেরী ও একোতালি তালে আরেকটি পল্লবী পরিবেশিত হয়।
এরপর আবারও রবীন্দ্রনৃত্য; রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ভাঙা গান ‘মন্দিরে মম’র সঙ্গে নৃত্যশিল্পীরা এক তাল ও বারো মাত্রায় নৃত্য পরিবেশন করেন। এর পর ‘কহিগলে মুরালি ফুঁক্ষা’ শিরোনামে ছিল অভিনয় নৃত্য। সবশেষে মোক্ষ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।
শনিবার উৎসবের শেষ দিন সন্ধ্যায় থাকছে নজরুলের জীবনভিত্তিক গীতিআলেখ্য ‘বাঁশরী ও তূর্য হাতে কবি’। এর গ্রন্থনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছে প্রমা অবন্তী।
‘লোকসংগীত বিকৃতির অভিযোগ’
লোকসংগীতের প্রকৃত সুর না জেনে শিল্পীরা নানাভাবে তা বিকৃত করছে বলে অভিযোগ উঠেছে লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে লোকাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অতিথি ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান বলেন, “সম্প্রতি কিছু শিল্পী জেনে অথবা না জেনে লোকসংগীতকে বিকৃত সুর ও বাণীতে পরিবেশন করেন তার আসল দিকটিকে উপেক্ষা করছেন। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য প্রয়োজন লোকসংগীতের সব শিল্পী ও সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।”
আলোচনা সভার পরে সংবর্ধনা দেওয়া হয় গীতিকবি হাসান মতিউর রহমানকে। পরে অনুষ্ঠিত হয় লোকগানের
আসর।
২১ এপ্রিল শিল্পকলায় নৃত্যনাট্য ‘মহুয়া’
মৈমনসিংহ গীতিকার বিখ্যাত পালা মহুয়া। নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্র তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২১ ও ২২ এপ্রিল ‘মহুয়া’ নৃত্যনাট্যটি মঞ্চাস্থ করবে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হবে এ আয়োজন। এ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কবিরুল ইসলাম রতন বলেন, “মহুয়া একটি স্বপ্ন প্রকল্প। বৃহৎ পরিসরে শিল্পকলা ও সাহিত্য সমঝদারদের কাছে উপস্থাপনের জন্য অত্যন্ত নিপুনতার সঙ্গে এর কারিগরী দিকসমূহের উৎকর্ষ সাধন করা হয়েছে।”
এই নৃত্যনাট্যের কেন্দ্রীয় চরিত্রে রূপায়ন করেছেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দীন আলী; আর সংগীত আয়োজনে রয়েছেন আলী আশরাফ ও কলকাতার গৌতম দাস।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ‘মহুয়া’ নৃত্যনাটকের সঙ্গে সংশ্লিষ্ট নৃত্যশিলল্পী জিনাত বরকতউল্লাহ, দীপা খন্দকার, অভিনেতা রহমত আলী, সাদিয়া ইসলাম মৌ, কন্ঠশিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার উপ্স্থিত ছিলেন।
