২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলেমদের সজাগ থাকার আহ্বান সৌদি ধর্মীয় নেতাদের

ইসলামের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বাংলাদেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সফররত সৌদি আরবের ধর্মীয় নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 06:50 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

শনিবার রাজধানীর যাত্রাবাড়িতে বাংলাদেশ জমইয়তে আহলে হাদীসের নবনির্মিত প্রধান কার্যালয় উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সৌদি আরবের হারামাইন শরীফাইন অধিদপ্তরের ভাইস প্রেসিডেন্ট শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম ও খতীব আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমকে ঢাকার সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেওয়া হয়। এ সময় তাদের হাতে রাজধানী ঢাকার চাবি হস্তান্তর করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে নজর রাখতে বাংলাদেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানান শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম।

তিনি বলেন, “আমাদের সমাজের আলেম ওলামারা আপনারা সবাই সম্মিলিতভাবে ইসলামের কাজে ঝাঁপিয়ে পড়বেন। প্রত্যেকেই আপনারা আল্লাহকে ভয় করে শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের নিরাপত্তার দিকটাকে প্রাধান্য দেবেন। আমাদের সমাজে যেন বিশৃঙ্খলা না হয়, সন্ত্রাসমূলক আচরণ না হতে পারে সেদিকে সোচ্চার থাকবেন।”

ইসলাম বর্তমানে জঙ্গিবাদের চ্যালেঞ্জের সামনে বলে মনে করেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের সচিব শায়খ আবদুর রহমান গান্নাম গান্নাম।

তিনি বলেন, মুসলমানদের কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না। এসব বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আজকে বিভিন্ন পথ, বিভিন্ন মত বিভিন্ন জঙ্গিবাদ আছে। আমাদের পরখ করে নিতে হবে কোনটা আমাদের সঠিক পথ।

“আমাদের নবীর পথই সঠিক পথ, সে পথে সাহাবায়ে কেরামগণ ছিলেন এবং ইমামগণ ইসলামের পথে ছিলেন। এজন্য মুসলমানদের সন্তানদের-তরুণদের সঠিক শিক্ষা দিতে হবে। তারা যেন বিপথগামী না হয়ে যায়, তাদের যেন বিচ্যুতি না ঘটে।”

নিজের বাবা, নানা এবং পূর্বপুরুষরা জমঈয়তে আহলে হাদীসের অনুসারী ছিলেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

তিনি বলেন, “আমিও এই অনুসারীদের খেদমত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। সবাই ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, সবকটিই পূরণ করেন। ইসলামের কোনো ক্ষতি হয়েছে এমন সংবাদ পেলেই দৌঁড়ে যান।”

এই ঢাকা শহর থেকে প্রতিবছর লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ হজ ও ওমরা পালন করতে সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনাতে যান। সে সময় সৌদি সরকার আমাদের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে সহযোগিতা করে। এজন্য ঢাকাবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান মেয়র সাঈদ খোকন।

বাংলাদেশ জমইয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক মুহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত শায়খ আবদুল্লাহ বিন হাজ্জাজ আল মুতাইরি, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা শায়খ আব্দুল্লাহ বিন যাইফুল্লাহ আল মুতাইরি, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক এটাশে শায়খ সুলতান মুহাম্মদ আল আনকারী এবং সাবেক ধর্মবিষয়ক এটাশে শায়খ আহমদ বিন আলী আর রুমী, ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বাংলাদেশ জমইয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি উপস্থিত ছিলেন।