২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের গণশুনানিতে অভিযোগ করে আশ্বাস

সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতি নিয়ে মানুষের সরাসরি অভিযোগ শুনতে তৃণমূল পর্যায়ে দুর্নীতি দমন কমিশন আয়োজিত এক গণশুনানিতে নানা অভিযোগ জানিয়েও আশ্বাসের বাইরে কিছু পাননি অভিযোগকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 10:12 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চত্ত্বরে দুর্নীতিবিরোধী এই গণশুনানিতে মানুষের অভিযোগ নিয়ে সরকারি কর্মকর্তাদের জবাবে দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদও ও সন্তুষ্ট হতে পারেননি।

সরকারি কর্মকর্তাদের নজরদারিতে রাখার কথা জানিয়ে নাসির উদ্দিন দায়িত্বে অবহেলা ও দুর্নীতির জন্য তাদের কারাগারে পাঠানোর হুঁশিয়ারিও দেন।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর শাহরিয়ার শাহিনের সঞ্চালনায় এই গণশুনানিতে ভূমি, স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও দালালদের দ্বারা প্রতারণা, হয়রানি অভিযোগ করেন ৩০ জন।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানের অভিযোগ ছিল বিদ্যুৎ না পাওয়া নিয়ে। তিনি বলেন, ২০১০ সালে পল্লী বিদ্যুৎ অফিসে নির্ধারিত নিয়মে সংযোগের জন্য তিনিসহ স্থানীয় কয়েকজন আবেদন জানালেও ৭ বছরে বিদ্যুতের খুঁটিও বসানো হয়নি।

তখন বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মো. বদরুল আনাম আগামী জুনের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন।

আবদুল কুদ্দুস নামে আরেক ব্যক্তি অভিযোগ করেন, গত পাঁচ বছর আগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দিয়ে ৫৪ গ্রাহকের কাছ থেকে নুরুল ইসলাম নামে একজন ১ লাখ ৩০ হাজার টাকা নিলেও এখনও বিদ্যুৎ সংযোগ পাননি তারা।

এ বিষয়ে বদরুল আনাম বলেন, টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কোনো দালালকে ওই টাকা দেওয়া হয়ে থাকতে পারে।”

ওই এলাকার ভুক্তভোগীরা নির্ধারিত ফি জমা দিলে দ্রুতই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আব্দুর রশিদ নামে এক অভিযোগ করেন, কয়েক দিন আগে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও সেখান থেকে তাকে কোন ওষুধ দেওয়া হয়নি। বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হয়েছে।

এ অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেকেন্দার আলী মোল্লা বলেন, ওই সময় সেইসব ওষুধ ছিল না, তাই ওষুধ দেওয়া সম্ভব হয়নি।

এই বিষয়টি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুদক কমিশনার নাসির উদ্দিন।

গণশুনানিতে ছানাউল্লাহ সাকিব নামে এক যুবক অভিযোগ করেন, উপজেলার কাশিমনগর কমিউনিটি ক্লিনিকে প্রতি রোগীর কাছ থেকে ৫ টাকা করে টিকেটের মাধ্যমে চাঁদা নেওয়া হয়। টিকেট না নিলে কাউকে ওষুধ দেওয়া হয় না।

এ বিষয়ে ডা. সেকেন্দার আলী বলেন, “কোনো রোগীর কাছ থেকে টিকেটের মাধ্যমে টাকা নেওয়ার নিয়ম নেই। কেউ যদি নিয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রিপন দেওয়ান নামে স্থানীয় বাসিন্দার অভিযোগ, উপজেলার চারিগ্রাম হাটের একটি জায়গায় ছোট ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ করে সেখানে কয়েকজন মিলে ভবন নির্মাণ করছে, এতে সাধারণ ব্যবসায়ী ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিতে দুদকের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এলিনা আকতারকে নির্দেশ দেওয়া হয়।

গণশুনাতিতে অংশ নেওয়া নাগরিকদের অধিকাংশই ভূমি অফিসে হয়রানির অভিযোগ করেন।

এ বিষয়ে ভূমি অফিস দালালমুক্ত রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে ভূমি কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রার ছাড়া অন্য কারও কাছে না যেতে সেবাপ্রত্যাশীদের পরামর্শ দেন দুদক কমিশনার নাসিরউদ্দীন।

গণশুনানির পর আলোচনা অনুষ্ঠানে নাসির উদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গবেষক ও অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আসাদ ইসলাম, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের, পৌর মেয়র খুরশেদ আলম ভূইয়া, মানিকগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জলিল উদ্দিন, সিংগাইর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আজিজুল্লাহ। দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

নাসির উদ্দিন নাগরিকদের উদ্দেশে বলেন, “সরকারি কর্মকর্তারা আমাদের নজরদারিতে রয়েছে। তাদেরকে চাকরি থেকে বিদায় করা খুব সহজ কাজ। কোনো কর্মকর্তা-কর্মচারী যদি সীমা লঙ্ঘন করে তাহলে আমরা তাকে ক্ষমা করব না।”

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “অফিসে ইচ্ছা মতো আসা-যাওয়া করা যাবে না। সময়মতো অফিসে আসতে হবে, কাজ শেষ করতে হবে।

“তা না হলে এখন একটাই জায়গা, সেটা হল জেল। কাজ করতে চান নাকি জেলখানায় যেতে চান, সেই বিষয়টি আমরা দেখছি।”

প্রতিটি অফিসে কী সেবা কীভাবে দেওয়া হয়, তা জনগণকে জানাতে বলেন দুদক কমিশনার।

গণশুনানির আগে সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে গিয়ে যান দুদক কমিশনার নাসির উদ্দিন।

তিনি বলেন, “সেখানে সিটিজেন চার্টার নেই, ওষুধের তালিকা আছে, কিন্তু কোন ওষুধ আছে বা নেই এর কোনো খবর নেই।”

কোন সরকারি কর্মকর্তা সেবা না দিলে কিংবা কিংবা খারাপ আচরণ করলে জেলা বা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কাছে সেই বিষয়ে অভিযোগ জানাতেও বলেন দুদক কমিশনার।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তিনি যত বড় নেতা বা সরকারি কর্মকর্তা হোন না কেন, আমরা কাউকেই ছাড় দিব না।”