২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে আইপিইউ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ও পার্লামেন্টস ফর নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন অ্যান্ড ডিসআর্মামেন্টের (পিএনএনডি) প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 06:13 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে সদ্য শেষ হওয়া আইপিইউর ১৩৬তম সম্মেলন, পারমাণবিক অস্ত্র বিস্তার নিরোধ এবং নিরস্ত্রীকরনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

মার্টিন চুংগং আইপিইউ সম্মেলন সফল আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

স্পিকার শিরীন শারমিন বলেন, আগামী নভেম্বরে বাংলাদেশ ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ)’ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে। আইপিইউ সম্মেলন আয়োজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরও সফলভাবে সিপিএ সম্মেলন আয়োজনে সক্ষম হবে।

অন্যদিকে সাক্ষাৎকালে পিএনএনডি প্রতিনিধি দলের প্রধান মনি শংকর আয়ার বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব বিনির্মাণে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। এজন্য তিনি বিশ্বের সব দেশের সহযোগিতা কামনা করেন।

শিরীন শারমিন বলেন, বাংলাদেশ অস্ত্র প্রতিযোগিতায় বিশ্বাস করে না, জনগণের কল্যাণে বিশ্বাস করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য অন্যতম পূর্বশর্ত বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। রাজনৈতিক অঙ্গীকার অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করতে পারে। বাংলাদেশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইতিবাচক কর্মসূচিসহ বিশ্বের সব দেশের সংসদ সোচ্চার হলে শান্তিময় বিশ্ব গড়ে তোলা সম্ভব। আর তখনই পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ কর্মসূচি সফল হবে।

এসময় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হুইপ আ স ম ফিরোজ, আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মইন উদ্দীন খান বাদল, দীপু মনি, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মাহজাবিন খালেদ ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।