স্তন্যদায়ী মায়েদের আটক: দুই পুলিশকে প্রত্যাহারের আদেশ বহাল
দুধের শিশু থেকে বিচ্ছিন্ন করে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি ও এক এসআইকে অবিলম্বে প্রত্যাহারে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও রানা কাওসার; পুলিশ কর্মকর্তাদের পক্ষে আইনজীবী এ এম আমীন উদ্দীন।
এর আগে গত ২৯ মার্চ মাদারীপুরের সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহাতাব হোসেনকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেয় হাই কোর্ট।
সেই সঙ্গে বিষয়টি তদন্ত করে আগামী ৮ মের মধ্যে পুলিশের আইজিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন ওই দুই পুলিশ কর্মকর্তা।
এর আগে ২১ মার্চ এ ঘটনায় জিয়াউল ও মাহাতাবকে তলব করে হাই কোর্ট; অমানবিকভাবে দুই মাকে ১৩ ঘণ্টা আটকে রাখার ঘটনাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করে।
স্তন্যদায়ী দুই মাকে থানায় আটকে রাখার ঘটনায় সংবাদপত্রের প্রতিবেদন যুক্ত করে গত ২ মার্চ জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার।
ঘটনার বর্ণনা দিয়ে সেদিন রানা কাওসার সাংবাদিকদের বলেছিলেন, গত ১২ মার্চ মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে বিরোধপূর্ণ একটি জমির তদন্তে গিয়েছিলেন সদর থানার এসআই মাহাতাব হোসেন। এ সময় তিনি ওই জমির পাশের বাড়ির খালেক বেপারীর ছেলে পনির হোসেনের কাছে মামলা সংক্রান্ত বিষয় জানতে চান।
“পনির কিছু জানেন না বলার পর এসআই মাহাতাব ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় দেন। এনিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সদর থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে পনিরের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালান মাহতাব।”
তখন পনিরের স্ত্রী ও ভাবিকে টেনে-হিঁচড়ে পুলিশ থানায় নিয়ে যায়। পনিরের স্ত্রীর তিন মাসের শিশু এবং ভাবির ১৮ মাসের শিশুকে কোল থেকে রেখে যেতে বাধ্য করার কথা সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।
পরে রাত ১২টার দিকে ভয়-ভীতি দেখিয়ে সাদা কাগজে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই দুই নারীকে।
আইনজীবী রানা বলেন, “একজন আইন কর্মকর্তা হয়েও আইন বহির্ভূতভাবে দুধের বাচ্চাকে তার মার কাছ থেকে এভাবে দূরে রাখা সম্পূর্ণ বেআইনি। এটা মানবাধিকারের লঙ্ঘন এবং সংবিধানপরিপন্থি।”
রিট আবেদনের পর হাই কোর্ট গত ২১ মার্চ ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহতাবকে তলব করে।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের সভানেত্রী ফাউজিয়া করিম ফিরোজ, অ্যাডভোকেট শোভানা বানু ও নাজনীন আরা আহমেদ।
