২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্তন্যদায়ী নারীদের আটক: দুই পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

দুধের শিশু থেকে বিচ্ছিন্ন করে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখায় মাদারীপুর সদর থানার ওসিসহ দুই পুলিশ সদস্যকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 04:31 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

একইসঙ্গে আগামী ৮ মের মধ্যে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে বুধবার দুই পুলিশ সদস্য হাজির হওয়ার পর বিচারপতি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহতাব ক্ষমা প্রার্থনা করলে আদালত বলেন, এখনি ক্ষমা নয়। তদন্ত প্রতিবেদন এলে তারপর দেখা যাবে।

আদালতে পুলিশদের পক্ষে ছিলেন আইনজীবী কাজী সাজাওয়ার হোসেন ও ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, “দুই পুলিশ সদস্যকে মাদারীপুর সদর থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। আর ঘটনা তদন্ত করে ৮ মের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছে।”

স্তন্যদায়ী দুই নারীকে আটকের ঘটনার সংবাদপত্রের প্রতিবেদন যুক্ত করে গত ২ মার্চ জনস্বার্থে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার। তার শুনানি নিয়ে এই আদেশ হল।

ঘটনার বর্ণনা দিয়ে সেদিন রানা কাওসার সাংবাদিকদের বলেছিলেন, গত ১২ মার্চ মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে বিরোধপূর্ণ একটি জমির তদন্তে গিয়েছিলেন সদর থানার এসআই মাহাতাব হোসেন। এ সময় তিনি ওই জমির পাশের বাড়ির খালেক বেপারীর ছেলে পনির হোসেনের কাছে মামলা সংক্রান্ত বিষয় জানতে চান।

“পনির কিছু জানেন না বলার পর এসআই মাহাতাব ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় দেন। এনিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সদর থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে পনিরের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালান মাহতাব।”

তখন পনিরের স্ত্রী ও ভাবিকে টেনে-হিঁচড়ে পুলিশ থানায় নিয়ে যায়। তখন পনিরের স্ত্রীর তিন মাসের শিশু এবং ভাবির ১৮ মাসের শিশুকে কোল থেকে রেখে যেতে বাধ্য করা হয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।

পরে রাত ১২টার দিকে ভয়-ভীতি দেখিয়ে সাদা কাগজে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই দুই নারীকে।

রানা কাওসার বলেন, “একজন আইন কর্মকর্তা হয়েও আইন বহির্ভূতভাবে দুধের বাচ্চাকে তার মার কাছ থেকে এভাবে দূরে রাখা সম্পূর্ণ বেআইনি। এটা মানবাধিকারের লঙ্ঘন এবং সংবিধান পরিপন্থি।”

রিট আবেদনের পর হাই কোর্ট গত ২১ মার্চ ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহতাবকে তলব করে।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের সভানেত্রী ফাওয়াজিয়া করিম ফিরোজ, অ্যাডভোকেট শোভানা বানু ও নাজনীন আরা আহমেদ।

পুরনো খবর:

স্তন্যদায়ী দুই নারীকে আটকে রাখায় পুলিশ সদস্যদের আদালতে তলব