২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষকে অবশ্যই সমতার দাবি তুলতে হবে: কৈলাস সত্যার্থী

সমতাকে অধিকার গণ্য করে সেই দাবিতে জনগণকে সোচ্চার হতে বলেছেন শিক্ষা ও শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী।

সৌমিক হাসীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 03:10 AM

Updated : 11 Oct 2022, 01:44 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সরকার অবশ্যই ভূমিকা রাখবে। তবে জনগণের সমতা দাবি করা এবং এটা তাদের অধিকার বোধ করাটা আরও গুরুত্বপূর্ণ।”

আইপিইউ সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসা এই নোবেলজয়ী মঙ্গলবার এই সাক্ষাৎকার দেন, যেখানে আয়ের সমতা, মানসম্পন্ন শিক্ষা, তরুণদের উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা এবং এসব নিয়ে তিনি যে সব কার্যক্রম হাতে নিয়েছেন সেগুলো নিয়ে কথা বলেন।

আশির দশক থেকে অধিকার আন্দোলনে সম্পৃক্ত কৈলাস (৬৩) বিশ্বব্যাপী আয় বৈষম্যের দিকে নজর দেওয়ার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আয় বৈষম্য এক ধরনের অর্থনৈতিক সহিংসতা এবং সেদিক থেকে তা স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তির জন্য গুরুতর হুমকি।

“এটা পরিতাপের যে, বিশ্ব অর্থনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে এগিয়ে চলেছে, অন্যদিকে আয় বৈষম্য বাড়ছে। এটা কষ্টদায়ক অবস্থা নয় যে আটজন মানুষ বিশ্বের অর্ধেকের বেশি সম্পদ নিয়ন্ত্রণ করছে? এটা কষ্টদায়ক নয় যে এই পৃথিবীর ধনী ব্যক্তিদের দিনে আয় ২০ কোটি ডলার, যেখানে একশ কোটির বেশি মানুষ ২ ডলারও আয় করতে পারে না?”

এক্সক্লুসিভ: ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধির সমালোচনায় কৈলাস সত্যার্থী

কৈলাস বলেন, “এই ব্যবধান সংঘাতের সৃষ্টি করে এবং কখনও কখনও সহিংসতার। এই আয় বৈষম্য না ঘুচিয়ে আমরা একটি নিরাপদ, টেকসই ও শান্তির বিশ্ব তৈরি করতে পারি না।”

এর সমাধান হিসেবে শিক্ষার কথা বলেন তিনি।

“আমাদের অবশ্যই সুষম, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষার জন্য জোরালো দাবি গড়ে তুলতে হবে।”

‘শিক্ষা মানুষকে ক্ষমতায়িত করে’

আয় বৈষম্য ঘুচিয়ে এবং সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিতের মাধ্যমে অন্য যে কোনো উপায়ের চেয়ে দ্রুততার সঙ্গে সমতা আনা যাবে বলে মনে করেন কৈলাস সত্যার্থী।

‘১০ কোটি শিক্ষা বঞ্চিত মানুষের জন্য আমরা দশ কোটি’ শীর্ষক নিজের কর্মসূচি নিয়েও কথা বলেন শান্তিতে নোবেল বিজয়ী কৈলাস। তার এই উদ্যোগ স্বচ্ছল পরিবারের শিশুদের দরিদ্র শিশুদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছে।

“আমাদের ক্যাম্পেইন এই দায়িত্ব বোধ তৈরি এবং বিশ্ব নাগরিক বোধের সঞ্চার করতে চায়।”

২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফ জাইয়ের সঙ্গে যৌথভাবে নোবেল পাওয়া কৈলাসের মতে, স্বচ্ছল পরিবারের শিশুরা আদর্শ ও প্রাণশক্তিতে পূর্ণ এবং তারা নিজেদের প্রমাণ করতে চায়। অন্যদিকে অনেকে শিশু দাসত্ব, পাচার ও সহিংসতার শিকার। ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’ প্রচারাভিযান এদের এক জায়গায় আনার চেষ্টা করে এবং ওই প্রাণশক্তি ও আদর্শকে একটি উন্নততর বিশ্ব গড়তে কাজে লাগাতে চায়।

“স্কুল-কলেজেও সমাজের সুবিধাপ্রাপ্ত শ্রেণির নিজেদের অধিকার সম্পর্কে কোনো ধারণা থাকে না, এমনকি তাদের দায়িত্ব সম্পর্কেও। এসব সমাজে শিশুদের নিজেদের প্রকাশের সুযোগের ঘাটতি থেকে যায়। তাদের বাবা-মায়েরা টাকা বানানো ও সামাজিক কর্মকাণ্ডেই বেশি ব্যস্ত থাকে।”

এই ক্যাম্পেইনের মাধ্যমে কৈলাস স্বচ্ছল তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে এই শূন্যতা পূরণ করতে চান, যা পিছনে পড়ে থাকা শিশুদের তুলে আনবে এবং তাদের সবাইকে সম পর্যায়ে নিয়ে আসবে।

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে কৈলাস বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং তা শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক দিক দিয়েও।

শিক্ষা, নবজাতকের মৃত্যু, জন্ম হার, গড় আয়ু ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি। তার মতে, এই সফলতার পিছনে বাংলাদেশ সরকারের ‘অসাধারণ কিছু পদক্ষেপ’ রয়েছে।

তারপরেও বাংলাদেশে এখনও অনেক কাজ বাকি বলে মনে করেন কৈলাস সত্যার্থী। এজন্য সরকার, করপোরেট খাত, সুশীল সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও তরুণদের একতাবদ্ধ হয়ে এসব সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশ্ব মঞ্চে বিশিষ্ট স্থানে থেকেও সাদামাটা জীবন-যাপন করেন কৈলাস।

এ বিষয়ে তিনি বলেন, “আমি কখনও আমার জীবনধারা বদলাইনি। আমি নিজেকে একজন হেফাজতকারী (আমাদের হাতে যে অর্থ আসে) মনে করি। বড় মাইনে বা প্রোফাইলের চেয়ে প্রতিটা পয়সাই শিশুদের জন্য কাজে লাগানো উচিত।

“আমি কখনও নিজের প্রচারে এক পয়সাও খরচ করিনি। আমরা যখন ভালো কাজ করি, সংবাদমাধ্যম নিজেই আসে।”