ইসি সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে নতুন করে ভোট নেওয়ার আদেশ বাস্তবায়ন না করায় নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।
ওই নির্বাচনের এক প্রার্থীর আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আদালতের নির্দেশনা অনুসারে নতুন করে ভোটের আয়োজন না করায় নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তাকে দুই সপ্তাহের মধ্যে তা জানাতে বলা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইসির বেসরকারি ফলাফলে নির্বাচিত চেয়ারম্যান শেখ আল মামুন হাই কোর্টে আদালত অবমাননার এই অভিযোগ আনেন। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।
এই আইনজীবী জানান, রমজান নগরে নির্বাচন হয় গত বছরের ২২ মার্চ। ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী শেখ আল মামুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
আগের চেয়ারম্যান আকবর আলী তখন রমজান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগ এনে পুনরায় গণনার আবেদন করেন নির্বাচন কমিশনে। কিন্তু ইসি ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত দেয়।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আকবর আলী হাই কোর্টে রিট আবেদন করেন। শেখ মামুনকে সেখানে বিবাদী করা হয়। হাই কোর্ট গত বছর ৩১ অগাস্ট ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আদেশ দেয়। পরে আপিল বিভাগও গত ১৬ জানুয়ারি ওই আদেশ বহাল রাখে।
এরপর প্রায় তিনমাস পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের উদ্যোগে না নেওয়ায় শেখ আল মামুন ইসিতে যান। কিন্তু ইসির সাড়া না পেয়ে গত ১ এপ্রিল তিনি উকিল নোটিস পাঠান।
ওই নোটিসেরও জবাব না পেয়ে ইসি সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন শেখ আল মামুন। এর ওপর শুনানি শেষে হাই কোর্ট মঙ্গলবার রুল জারি করল।
