বৈষম্য কমাতে ৫ দফা ‘ঢাকা ঘোষণা’য় শেষ হল আইপিইউ সম্মেলন
বৈষম্য কমাতে আইনি কাঠামো শক্তিশালী করা, পার্লামেন্টকে আরও প্রতিনিধিত্বশীল করা, সবার জন্য অর্থনৈতিক সুবিধা নিশ্চিত, সামাজিক সংলাপ ও মানব সম্পদ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামল ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের।
বাংলাদেশের রাজধানীতে বিশ্বের সবচেয়ে বড় এই পার্লামেন্টারিয়ান ফোরামের পাঁচ দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিন বুধবার সাধারণ অধিবেশনে ‘ঢাকা ঘোষণা’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ের সবচেয়ে বড় এই সম্মেলনের শনিবার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে ফোরামের ১৭১ সদস্য দেশের ১৩২টি অংশ নেয়।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘রিড্রেসিং ইনইকুয়ালিটিজ : ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল'। এই প্রতিপাদ্যের উপর রোববার মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেল বিজয়ী শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী। পরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই প্রতিপাদ্যের উপর আলোচনা করেন।
এর বাইরে আইপিইউর বিভিন্ন কমিটিতে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরেক দেশের হস্তক্ষেপ বন্ধ এবং কয়েকটি দেশে দুর্ভিক্ষপীড়িত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান।
সাধারণ অধিবেশনে শিরীন শারমিন চৌধুরী
এই সম্মেলনের মাধ্যমেই প্রথমবারের মতো ওয়েব টিভি চালু এবং গ্রিন অ্যাসেম্বলির আয়োজন করে আইপিইউ।
সাধারণ অধিবেশন শেষে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, “এখান থেকে যেসব প্রতিনিধি ফেরত গেছেন তারা এখন নিজ নিজ দেশে গিয়ে ঢাকা ঘোষণা বাস্তবায়নে নিজেদের পার্লামেন্টকে অন্তর্ভুক্ত করবেন।
“এর আগে যখন ভিয়েতনামের হ্যানয়ে আমরা সম্মেলন করেছিলাম তখন সেখানকার পার্লামেন্টও হ্যানয় ঘোষণার বাস্তবায়নে কাজ করেছে। সে হিসেবে আমোদের সংসদেরও এখানে সুযোগ আছে।”
ঘোষণায় বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈষম্য কমাতে মানবাধিকার সুরক্ষায় আইনি কাঠামো শক্তিশালী এবং বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ায় প্রান্তিক ও ঝুঁকিতে থাকা গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
আইপিইউর সাধারণ অধিবেশনে প্রতিনিধিরা
সকলের সিদ্ধান্ত গ্রহণের স্থান হিসেবে আইনসভাকে শক্তিশালী করতে হবে। সব জনগোষ্ঠীর জন্য কাজ, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। রাজস্ব আহরণের আইনি কাঠামো শক্তিশালী করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দিতে হবে।
এছাড়া শ্রমিক অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
বিশ্বব্যাপী সম্পদ বৈষম্য বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে আইপিইউ বলেছে, বিশ্বের বর্ধনশীল তরুণ প্রজন্ম বেকারত্ব, সম্পদহীনতা এবং স্বল্প মজুরিসহ নানা সমস্যায় ভুগছে। বৈষম্য কমাতে আইপিইউ এসব বিষয়ের সমাধানে সদস্যভুক্ত দেশগুলোর উদ্যোগ আশা করছে।
এছাড়া নারী শ্রমিকের মজুরি বৈষম্যের বিষয়টিতেও উদ্বেগ প্রকাশ করেছে।
সেবা, কৃষিসহ বিভিন্ন খাতে অল্প কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের বাজারে আধিপত্য প্রতিষ্ঠার ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ কমে আসায় বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামটি উদ্বেগ জানিয়েছে।
‘ভয়কে জয়’
সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এবারের সম্মেলনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের উপর বিশ্ব গণতান্ত্রিক সম্প্রদায়ের স্বীকৃতি। দশম জাতীয় সংসদের উপর যে তাদের আস্থা রয়েছে, সেটা প্রমাণিত হল।”
সন্ত্রাসবাদের ভয়ে ভীত না হয়ে বিপুল সংখ্যক বিদেশি প্রতিনিধিদের এই সম্মেলনে অংশ নেওয়াটাকেও সফলতা মনে করছেন শিরীন শারমিন।
সাবের হোসেন চৌধুরী
আইপিইউ প্রেসিডেন্ট সাবের চৌধুরী বলেন, “আমরা এ সম্মেলন সফলভাবে শেষ করে ভয়কে জয় করেছি। আগামীতেও এ ধরনের যে কোনো ঝুঁকি মোকাবেলায় বিশ্বের পার্লামেন্টারি ফোরাম ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াব। সন্ত্রাসবাদের অশুভ তৎপরতায় আমরা ভয় পেয়ে বসে থাকব না।”
চলতি বছরের অক্টোবরে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে আইপিইউ’র পরবর্তী অর্থাৎ ১৩৭তম সম্মেলন হবে জানিয়ে তিনি বলেন, “সেখানেও সন্ত্রাসীরা হামলা করেছে। এজন্য কি আমরা বসে থাকবো? না, এই ঢাকার সম্মেলন আমাদের বলছে, আমরা সেখানে যাব।
“এই সম্মেলন প্রমাণ করেছে, আয়োজক দেশের সংসদ যদি রাজি থাকে তবে আমরা বিশ্ব গণতান্ত্রিক সম্প্রদায় যেখানেই হোক না কেন যাব।”
সমাপনী ভাষণে ভারতীয় প্রতিনিধি আর কে সিং বলেন, “এবারের আইপিইউ সম্মেলন আমার দেখা সফলতম সম্মেলন। আমি অভিভূত হয়েছি। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য উঠে এসেছে মেলায়। আমরা বুঝতে পারি- একটা সম্মেলন করতে কত শ্রম করতে হয়েছে।"
আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বলেন, “এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যে পার্থক্য থাকে তা কমে আসবে। সহযোগিতার মনোভাব দেখাতে হবে। ঢাকা আমার জন্যে ভাগ্যবান শহর। কোনো ধরনের বিরোধিতা ছাড়াই আমাকে আরও চার বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।”
আইপিইউর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছেন ফোরামের সভাপতি সাবের হোসেন চৌধুরী
সফলভাবে ১৩৬তম সম্মেলন শেষ করতে পারাকে বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সাবের চৌধুরী।
“আজ আমি বাংলাদেশের নাগরিক হতে পেরে গর্ববোধ করছি। দেশের ইতিহাসে বড়চেয়ে বড় সম্মেলনটি চমৎকারভাবে করতে পেরেছি আমরা। একটি জাতি হিসেবে এটা আমাদের অনুপ্রেরণা।”
“অনেক ধারণা পাল্টে দিয়েছি আমরা। ঢাকা থেকে আইপিইউ ইতিহাসের প্রথম আইপইউটিভি’র যাত্রা শুরু হয়েছে। এটাকে সবুজ সম্মেলন ঘোষণা করা হয়েছে। এ সম্মেলনের গৃহীত প্রস্তাব বাস্তবায়নে করে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে গ্রিন অ্যাসেম্বলি।”
শিরীন শারমিন চৌধুরী বলেন, “সফলতম সম্মেলন করতে পেরেছি আমরা। গণতন্ত্রে সবাইকে এসঙ্গে নিয়ে কাজ করতে হবে। এবারের সম্মেলনে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে উদ্যোগী হলে আমরা লক্ষ্য অর্জন করতে পারব।”
