২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিল্লিতে দেখা হবে হাসিনা-মমতার’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দিল্লিতে তার সঙ্গে সাক্ষাৎ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 05:38 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সম্মত হয়েছেন জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনার দিল্লি পৌঁছানোর দিনেই অর্থাৎ আগামী শুক্রবার মমতাও রাজধানীতে যাবেন।

আগামী শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে বৈঠক হবে সেখানেও উপস্থিত থাকবেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী।

একইদিন দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-কলকাতা পথে বাস চলাচলের উদ্বোধন করবেন। সেখানেও মমতার থাকার কথা রয়েছে। ওইদিন রাতে শেখ হাসিনার সম্মানে নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

এদিকে ভারতের রাষ্ট্রপতি ভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে গত সোমবার কথা হওয়ার পর মমতা সেখানেও নৈশভোজে যোগ দিতে সম্মত হয়েছেন।

মমতা ব্যানার্জি অনেকদিন ধরেই অভিযোগ করে আসছিলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনায় তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি আগামী ২৫ মে মোদী সরকার এই চুক্তি করার পরিকল্পনা করছে বলেও তার অভিযোগ রয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য তার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, তিস্তা আলোচনায় যথাসময়ে পশ্চিমবঙ্গসহ সব পক্ষকেই ডাকা হবে। 

এর আগে প্রণব মুখার্জির মধ্যস্থতায় মমতার সঙ্গে হাসিনার বৈঠকের একটি পরিকল্পনার কথা জানা গিয়েছিল। বৈঠকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যেকার দ্বিপক্ষীয় বিষগুলো নিয়ে আলোচনার কথা ছিল।

কিন্তু এখন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় মমতাকেও আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হচ্ছে।

বিশ্লেষকরা একে তিস্তা পানি বন্টন চুক্তি এবং গঙ্গা ব্যারেজ নিয়ে দুই পক্ষের মধ্যে বরফ গলার একটা ক্ষেত্র হিসেবে দেখছেন।

বাংলাদেশ বিষয়ক বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, “মনে হচ্ছে বরফ গলছে। একবার যদি তিনি (মমতা ব্যানার্জি) আলোচনায় অংশ নিতে পারেন, তখন তিনি আর অভিযোগ করতে পারবেন না যে তাকে বাদ দেওয়া হয়েছে।”