২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফুলকে আটকাতে চেম্বারে রাষ্ট্রপক্ষ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত স্থগিত করে দেওয়া হাই হোর্টের আদেশ স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 04:22 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় বলে জানিয়েছেন জানিয়েছেন মেয়রের আইনজীবী আব্দুল হালিম ক্বাফী।

বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদনটি তোলা হলেও শুনানি হয়নি।

বিএনপি নেতা আরিফুল উচ্চ আদালতের ছাড়পত্র নিয়ে গত রোববার মেয়রের দায়িত্বে ফেরার তিন ঘণ্টার মাথায় তাকে ফের বরখাস্ত করে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সিলেটের মেয়র আরিফুলের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারী মামলার সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে। এ কারণে স্থানীয় সরকার (সিটি কপোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সুনামগঞ্জে ২০০৪ সালের ২১ জুন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায় করা এক মামলায় গতবছর কারাবন্দি আরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই মামলায় পুলিশ সম্পূরক অভিযোগপত্র দিলে তাতে আরিফুলের নাম যোগ করা হয়।

ফের বরখাস্তের বিরুদ্ধে আরিফুলের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার সরকারের আদেশ স্থগিত করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ।

পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে তিনদিনের রুল জারি করে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছে হাই কোর্ট।

আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন ২০১৩ সালে ১৫ জুন।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালত তাকে কারাগারে পাঠায়। ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সিলেটের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

চলতি বছরের ৪ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়ে সাময়িক বরখাস্ত আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন আরিফুল। তার আবেদনে গত ১২ মার্চ বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। আপিল বিভাগেও তা বহাল থাকে।

পুরনো খবর:

সিলেটের মেয়রের বরখাস্তের আদেশ হাই কোর্টে স্থগিত