২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্তাবিও পাসকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

সাহিত্য নোবেল পুরস্কারজয়ী মেক্সিকান অক্তাবিও পাসকে নিয়ে ‘অক্তাবিও পাস: ছবির-কবিতা সংলাপ’ শীর্ষক দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 11:48 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাকাস্থ মেক্সিকোর অনারারি কনস্যুলেট এই প্রদর্শনীর আয়োজন করে। বাংলাদেশে মেক্সিকোর কনসাল জেনারেল ফয়সাল খান ও স্পেনের ভিজিটিং প্রফেসর মারিয়া আম্পারো পোর্তা রিভাস এসময় উপস্থিত ছিলেন।

অক্তাবিও পাস (১৯১৪-১৯৯৮) মেক্সিকোর কবি, লেখক ও কূটনীতিক ছিলেন। ১৯৯০ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রদর্শনী শুরুর আগে মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেক্সিকোর বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক দল বিনিময়ের উপর জোর দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রদর্শনী আয়োজনের বিষয়েও তারা মতবিনিময় করেন।

এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক তারা সই করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।