আন্দোলনে পুরুষদের পাশে চান নারীরা
নারীর অধিকার আদায়ের আন্দোলন ও সহিংসতা প্রতিরোধে পুরুষকেও সহযোদ্ধা হিসেবে চান নারী আন্দোলনের সংগঠকরা।
মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তঃপ্রজন্ম সংলাপে অংশ নিয়ে ইয়াং উইমেন খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের (ওয়াইডব্লিউসিএ) সাধারণ সম্পাদক হেলেন মনিষা সরকার বলেন, “নারী আন্দোলন হচ্ছে নারী-পুরুষ উভয়ের আন্দোলন, যেখানে নারী-পুরুষ উভয়ের সম্পৃক্ততা থাকবে। আর এই সম্পৃক্ততা সর্বস্তরে নিশ্চিত করতে হবে।”
আধুনিক তথ্য-প্রযুক্তির বিকাশে নারীদের হয়রানির নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে বলেও সংলাপে ওঠে আসে। নারীদের প্রতিরোধ আন্দোলনকে আরও সক্রিয় করতে অনলাইন মাধ্যমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান আলোচকরা।
মনিষা বলেন, “তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী আমাদের পরিকল্পনা করতে হবে। এ আন্দোলনে তাদের সম্পৃক্ত করতে হবে। নইলে আমরা নারী আন্দোলনের শক্তিশালী রূপটা ধরে রাখতে পারব না।”
সংলাপে আদিবাসী নারীদের পক্ষে রাখী ম্রোং বলেন, “নারীরা এখন একটা পর্যায়ে এসেছে, এ কথা সত্যি। কিন্তু তাই বলে নারীদের সব সমস্যার সমাধান হয়নি। সরকারি গবেষণায়ই ধরা পড়েছে, ৭২ শতাংশ নারী তাদের ওপর নির্যাতনের কথা গোপন করে।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তোলার উপর জোর দেওয়ার তাগিদ দেন রাখী।
তিনি বলেন, “মানবিকতাবোধ, নারীকে সম্মান দেওয়ার শিক্ষা আমরা যদি কোমলমতি শিশুদের মনে জাগ্রত করতে পারি, তবেই সমাজে পরিবর্তন আনতে পারব।”
আন্তঃপ্রজন্ম সংলাপে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “সামাজিক বিকাশ ও অবস্থানের পরিবর্তনের বিষয়টি বৈশ্বিকভাবে সম্পৃক্ত। আর তাই নতুন চ্যালেঞ্জের সাথে সাথে ধারাবাহিক চ্যালেঞ্জ হচ্ছে নারীর প্রতি সহিংসতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে একসাথে কাজ করতে হবে।”
সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফেরদৌস আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, নারী পক্ষের সদস্য রিতা দাশ রায়, ব্র্যাকের পরিচালক আন্না মিনজ, ফিনানশিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি মুনিমা সুলতানা, মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার সদস্য জুয়েলা জেবুন নেসা খান, ইডেন মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্রী শাফকাত আলম আখি, মহিলা পরিষদের মানব সম্পদ ব্যবস্থাপক পলি মহন্ত।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।
‘সকল শ্রেণি-পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ে তুলি’ শ্লোগান নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে মহিলা পরিষদ।
মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবনে আন্তঃপ্রজন্ম সংলাপের আগে রোকেয়া সদনের শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও ৪৭টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
