সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা
ঝড়ো হাওয়ার শঙ্কায় চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়ার এ পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, রাজধানীসহ দেশের অনেক এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড়ো আবহাওয়া বিরাজ করেছে। এসময় বজ্রবৃষ্টিও হয়েছে।
রাজধানীতে সন্ধ্যার পর ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়ে হয়েছে, রাত ৯টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এ আবহাওয়াবিদ জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সিলেট,ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
