‘সম্পদ বিবরণীতে গরমিলে’ বিএনপি নেতা সান্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য জানতে দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সহ-সভাপতি সান্টু ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা জানান, ২০১৪ সালে সম্পদের বিবরণী চেয়ে সরফুদ্দিন সান্টুকে নোটিশ দিয়েছিল কমিশন। এরপর তিনি ওই নোটিশের জবাব দাখিল করলে তা যাচাই-বাছাইয়ে কমিশন অনুসন্ধানে নামে।
অনুসন্ধানে সান্টুর দাখিল করা সম্পদ বিবরণীর সঙ্গে তার বর্তমান সম্পদের পরিমাণে ব্যাপক গড়মিল দেখতে পেয়েছে দুদক।
এছাড়া তার বিরুদ্ধে কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানান ওই কর্মকর্তা।
