২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ মোকাবেলায় সংসদের সক্ষমতা বাড়াতে চায় আইপিইউ

বৈশ্বিক সন্ত্রাসবাদ রুখতে বিভিন্ন দেশের সংসদগুলোর সক্ষমতা বাড়াতে একটি কৌশল গ্রহণ করতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 05:52 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

ঢাকায় চলমান পাঁচ দিনের সম্মেলন শেষে এ বিষয়ে একটি ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় এ সংসদীয় ফোরামের সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

মার্টিন চুংগং বলেন, “হতাশা, সামাজিক অসমতা, অবিচার, মানবাধিকার লঙ্ঘন এবং সুযোগের অভাব থেকে সহিংস সন্ত্রাসবাদ জন্ম নেয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার কৌশলে আমরা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করব।

“যে কৌশলটা প্রস্তাব করা হবে, সেখানে অনেকগুলো কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে, যা সন্ত্রাসবাদ সৃষ্টির কারণগুলো রুখতে ‘গ্লোবাল পার্লামেন্টারি কমিউনিটিকে’ সাহায্য করবে।”

তিনি বলেন, “সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈষম্য দূর করতে এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় পার্লামেন্ট কীভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে, খসড়া প্রস্তাবে সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।”

আইপিইউ সেক্রেটারি জেনারেল বলেন, স্থিতিশীল বিশ্ব ও শান্তির জন্য সন্ত্রাসবাদ সবচেয়ে বড় হুমকি। কোন দেশই এ হুমকির বাইরে নয়। এজন্য একটি বৈশ্বিক সমাধান প্রয়োজন।

“কিছু ঘটে যাওয়ার আগেই সন্ত্রাসবাদ তৈরির কারণগুলোকে চিহ্নিত করে তা নির্মূল করতে হবে।”

মঙ্গলবার আইপিইউ এর নির্বাহী কমিটিতে এসব বিষয় অবহিত করা হবে বলে জানান মার্টিন।