২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান বিনিয়োগাকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের

বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 05:44 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

সোমবার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে আসা জার্মান প্রতিনিধিদলের প্রধান ড. ল্যামার্ট নরবার্ট শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে স্পিকার এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সাক্ষাৎ হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং পাটজাত দ্রব্য, ওষুধ, তৈরি পোশাক শিল্প, বিদ্যুৎ, নবায়নযোগ্য বিদ্যুৎ, জ্বালানি ও চামড়া শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

জার্মান পার্লামেন্টের ল্যামার্ট নরবার্ট সাক্ষাৎকালে বলেন, জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেন। তিনি এ সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।