মানসিক অবস্থা পর্যবেক্ষণে ঐশীকে হাজিরের নির্দেশ
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঐশীকে আদালতে হাজির করতে আইজি প্রিজনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
ঐশীর আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় ঐশী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কোনো স্বাভাবিক মানুষ তার পিতা-মাতাকে হত্যা করতে পারে না। তাই মৃত্যুদণ্ডের সাজা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।”
তিনি বলেন, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া একটি রিট করেছিলেন। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট ঐশী রহমানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। তার মানসিক অবস্থারও ‘মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছিল আদালত।
সে অনুযায়ী ২০১৪ সালের ২৬ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঐশীর মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি প্রতিবেদন দেয়। সেখানে তার মানসিক সমস্যার কথা উল্লেখ রয়েছে।
“সোমবার ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে প্রসঙ্গটি এলে আদালত ঐশীকে আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় হাজির করতে বলেছে। আইজি প্রিজনকে বলা হয়েছে তাকে আদালতে নিয়ে আসার জন্য,” বলেন আইনজীবী সুজিত।
ঐশী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন বলে জানান তিনি।
ডেপুটি অ্যটার্নি জেনারেল জহিরুল হক জহির বলেন, গত ১২ মার্চ এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ১০ দিন শুনানি হয়েছে। শুনানি প্রায় শেষের দিকে।
তিনি বলেন, “আজ শুনানিকালে ঐশীর মানসিক স্বাস্থের প্রসঙ্গটি আসলে তার মানসিক অবস্থা পর্যবেক্ষন করতে আদালত তাকে হাজির করাতে বলেছে।”
ঐশীকে মৃত্যুদণ্ড দিয়ে ২০১৫ সালের ১২ নভেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদের আদালত।
হত্যাকাণ্ডে সহায়তা দেওয়ার জন্য ঐশীর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে খালাস পান মামলার অন্য আসামি ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনি।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে এসবি কর্মকর্তা মাহফুজ ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তার আগে ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ঐশী।
পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন।
২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আলোচিত এই মামলার অভিযোগপত্র দেন।
মামলায় ঐশীদের অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীকেও আসামি করা হয়। তার বিচার কিশোর আদালতে চলছে।
যে কোনো মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। ২০১৫ সালের ১৯ নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। ওই বছরের ৬ ডিসেম্বর ঐশী খালাস চেয়ে হাই কোর্টে আপিল করেন।
