ঐশীর আপিলের শুনানি শুরু
বাবা-মা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত তরুণী ঐশী রহমানের আপিলের শুনানি হাই কোর্টে শুরু হয়েছে।
রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়।
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে দুই বছর আগে ঢাকার বিচারিক আদালত ঐশীকে মৃত্যুদণ্ড দেয়।
যে কোনো মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। ২০১৫ সালের ১৯ নভেম্বর ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। ওই বছরের ৬ ডিসেম্বর ঐশী খালাস চেয়ে হাই কোর্টে আপিল করেন।
হাই কোর্টে শুনানির প্রথম দিন পেপারবুক থেকে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। ঐশীর পক্ষে ছিলেন আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ডেথ রেফারেন্স থেকে মামলার এজাহার ও ময়না তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। আগামীকাল আবার উপস্থাপন করা হবে।”
ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য ২৫টি যুক্তিতে সাড়ে সাতশ’ পৃষ্ঠার নথিপত্র-পেপারবুক প্রস্তুত করা হয়েছে।
ঐশীকে মৃত্যুদণ্ড দিয়ে ২০১৫ সালের ১২ নভেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদের আদালত।
হত্যাকাণ্ডে সহায়তা দেওয়ার জন্য ঐশীর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে খালাস পান মামলার অন্য আসামি ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনি।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ও নৃশংস। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দেখা গেছে, ঘটনার সময় আসামি ঐশী প্রাপ্তবয়স্ক ছিলেন। নৃশংস হত্যাকাণ্ড বিবেচনায় ঐশীকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে।
নিহত স্বপ্না বেগম ও তার স্বামী মাহফুজুর রহমান
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে এসবি কর্মকর্তা মাহফুজ ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তার আগে ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ঐশী।
পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন।
২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আলোচিত এই মামলার অভিযোগপত্র দেন।
মামলায় ঐশীদের অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীকেও আসামি করা হয়। তার বিচার কিশোর আদালতে চলছে।
