২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিমুক্ত দেশ গড়তে ভূমিকা রাখবে চলচ্চিত্র: ইনু

জঙ্গিমুক্ত, সুস্থ-সুন্দর গণতন্ত্রের বাংলাদেশ গড়তে চলচ্চিত্র ‘সুদৃঢ়’ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 03:32 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) আঙিনায় দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা ও স্মরণিকার মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “চলচ্চিত্র জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে। চলচ্চিত্র আমাদের অতীতকে স্মরণ করতে, বর্তমানকে আনন্দময় করতে এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে শেখায়।”

তিনি বলেন,  “সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও বৈষম্য থেকে মুক্তির পথ দেখাতে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলচ্চিত্রে যে পুনর্জাগরণের সূচনা হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টা সেই ধারা আরও বেগবান হবে।”

এ দিনেই জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়া মন্ত্রীপরিষদে অনুমোদনের জন্য উত্থাপিত হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান তথ্যমন্ত্রী।

এফডিসির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, “চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা চলচ্চিত্র জগতে যে নতুন অধ্যায়ের সূচনা করেন, তা বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে বেগবান করেছে, স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের প্রেরণা যুগিয়েছে। জাতীয় চলচ্চিত্র দিবসে বাংলাদেশের সকল মানুষ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।”

হাসানুল হক ইনু এ সময় ৩ এপ্রিলকে চলচ্চিত্র দিবস ও চলচ্চিত্রকে শিল্প ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সভাপতি নায়করাজ রাজ্জাক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, অভিনেত্রী অঞ্জনা রহমান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

দিবসটি উপলক্ষে র‌্যালি, চলচ্চিত্র অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিদের লাল গালিচা সংবর্ধনা, সেমিনার, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কথামালা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি রয়েছে এফডিসিতে।