মধ্যরাতে মেঘনা সেতুর টোল প্লাজায় ভাংচুর, অবরোধ
আনসার সদস্যদের পিটুনিতে এক শ্রমিকের মৃত্যুর গুজবে ট্রাক শ্রমিকদের ভাংচুর-অবরোধে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল রোববার রাতে।
মেঘনা সেতুর টোল প্লাজার দুই পাশেই সড়কে ট্রাক আড়াআড়ি করে রাখায় রাত সাড়ে ১১টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে মেঘনা টোল প্লাজার আগে আটকা পড়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মাসুম বিল্লাহ।
তিনি বলেন, শ্রমিকরা অবরোধের সময় টোল প্লাজায় ভাংচুর চালায়। পরে পুলিশ এসে রাত ১টা ২০ মিনিটে যান চলাচল স্বাভাবিক করে।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবুল নামে এক ট্রাকচালক মেঘনা টোল প্লাজায় দীর্ঘক্ষণ গাড়ি রাখায় সেখানে যানজটের সৃষ্টি হয়। এর জেরে আনসার সদস্যরা তাকে মারধর করে। এরপর তাকে শিমরাইলে সাজেদা হাসপাতালে নেওয়া হয়।”
“সাড়ে ১১টার দিকে ট্রাক শ্রমিকরা ওই চালকের মৃত্যুর গুজব ছড়িয়ে টোল প্লাজার ভাংচুর করে। পরে টোল প্লাজার দুই পাশে ট্রাক রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে,” বলেন ওসি।
