তাজরীন অগ্নিকাণ্ড: সাক্ষী হাজির না করায় আইনজীবীকে ভর্ৎসনা
তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের মামলায় সাক্ষী হাজির করতে না পারায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ভর্ৎসনা করেছেন বিচারক।
আগের কয়েকটি তারিখের মতো রোববারও কোনো সাক্ষীকে হাজির করতে না পারায় বিচারক এদিন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শাহানার প্রতি উষ্মা প্রকাশ করেন।
মামলার বিচারক ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম বলেন, “এটি দায়িত্বে অবহেলার মধ্যে পড়ে। এ ধরনের জন গুরুত্বসম্পন্ন ও স্পর্শকাতর মামলায় অবহেলা করা মোটেও উচিৎ নয়।”
পরে তিনি আগামী ১৪ মে আবারও সাক্ষ্য নেওয়ার তারিখ ঠিক করে দেন।
আলোচিত এ মামলার মোট ১০৪ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত মাত্র ছয়জন সাক্ষীকে হাজির করতে পেরেছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারিসহ বেশ কয়েকটি তারিখে এ মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী আনতে পারেনি বলে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এ ব্যাপারে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী খন্দকার আব্দুল মান্নান বলেন, “সাক্ষী হাজির না হওয়ার বিষয়টি শুনেছি। বিভিন্ন আদালতের দায়িত্ব এক একজন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে ভাগ করে দেওয়া আছে। আমি সরাসরি মামলাটি দেখছি না। তবে খোঁজ নিয়ে মামলায় সাক্ষী আনার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেব। ”
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে আগুন লেগে ১১১ জন শ্রমিক মারা যান। আহত হন ১০৪ জন।
পরে শ্রমিকদের বের হতে না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা অঅক্তারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।
তদন্তের পর ২০১৩ সালের ১৯ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির পরিদর্শক একেএম মহসীনুজ্জামান।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ এবং ‘অবহেলার কারণে মৃত্যু’র অভিযোগ আনা হয়।
এ মামলায় ২০১৫ সালের তিন সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।
