২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় বিজেএমসির মহা-ব্যবস্থাপক গ্রেপ্তার

দুর্নীতির এক মামলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মহা-ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 04:18 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

বিজেএমসি থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর হোসেন এর আগে খুলনা খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপক ছিলেন।

মামলার বিষয়ে প্রণব কুমার বলেন, জাহাঙ্গীর হোসেন ক্ষমতার অপব্যবহার করে প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের ওয়েস্টেজ রোল স্তুপাকারে জমা করে, সেগুলোর ওজন ইচ্ছাকৃতভাবে বেশি দেখিয়ে এক হাজার ১১৬ দশমিক ৯১ মেট্রিক টন পাট ও পাটজাত দ্রব্য আত্মসাৎ করেন, যার সরকারি মূল্য সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা।

তিনি বলেন, “২০১২ সালের ৩ মে থেকে ২০১৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই আত্মসাতের ঘটনা ঘটে।”

ওই অভিযোগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর জাহাঙ্গীরসহ চারজনের বিরুদ্ধে খালিশপুর থানায় একটি মামলা হয়। পরে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ মামলাটি তদন্ত করেন।