২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিকদের সাধারণ শিক্ষায় আনতে হবে: প্রধানমন্ত্রী

অটিস্টিক শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে তাদেরকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় একীভূত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 03:06 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

রাজধানীতে দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।

“শিক্ষাটা একীভূত হতে হবে। কেউ প্রতিবন্ধী বা অটিস্টিক হলেই তাদেরকে আর সাধারণ স্কুলে ভর্তি করতে চায় না- এটা যেন না হয়। এই মানসিকতা দূর করতে হবে। স্বাভাবিক ছেলেমেয়েদের সাথে এরা মিশতে পারলে; একটু চিকিৎসা বা একটু কাউন্সিলিংয়ে ভালো হবে।”

অটিস্টিক শিশুদের অভিভাবকদের সাহস জুগিয়ে শেখ হাসিনা বলেন, “সব সময় মনোবল রাখতে হবে। বিশেষ করে বাবা-মা ও অভিভাবক .. অনেক সময় অনেক অভিভাবক অসহায় বোধ করেন। ভবিষ্যতে যেন কষ্ট পেতে না হয়; এমন কিছু আমরা করবো।”

নিজের মেয়ে সায়মা হোসেনের কাছ থেকে অটিজম বিষয়ে প্রথম জানতে পারার কথা তুলে ধরেন শেখ হাসিনা। সায়মা বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। তার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থ-সামাজিক সহায়তা বৃদ্ধি’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়।

অটিজম সচেতনতা ও জনস্বাস্থ্যে বিশেষ অবদান রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে সায়মা হোসেনকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে। সম্প্রতি সায়মা ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

দেশব্যাপী ‘প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ’ কর্মসূচির মাধ্যমে ১৫ লাখ ১০ হাজার ৮০০ প্রতিবন্ধীর ডাটাবেজ তৈরি করা হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এদেরও মেধা আছে। এদের মেধা অনেক বেশী। আমি তো ঈদ ও নববর্ষের কার্ডে প্রতিবন্ধী ও অটিস্টিকদের হাতে আঁকা ছবি ব্যবহার করি।”

সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালার আওতায় ৬২টি বিদ্যালয়ের প্রায় আট হাজার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ করে দেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ‘ন্যাশনাল একাডেমী ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিস’ স্থাপনের কাজ চলমান থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এখানে বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিশুদের একীভূত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।”

অটিস্টিক শিশুদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশের সুবিধার্থে ক্রমান্বয়ে সকল বিদ্যালয়ে র‌্যাম্প নির্মাণ করা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি আবারও বলছি, যারাই যে প্রতিষ্ঠান তৈরি করেন না কেন; সেখানে আমাদের প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য বিশেষ র‌্যাম্প ও টয়লেটের ব্যবস্থা যেন অবশ্যই থাকে। এটা গুরুত্বের সাথে করতে হবে।”

দেশের প্রত্যন্ত অঞ্চলে অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশু শনাক্তকরণসহ বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে ৩২টি মোবাইল থেরাপি ভ্যান চালু থাকার কথা বলে শেখ হাসিনা।

তিনি বলেন, “বিনামূল্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের থেরাপিসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সকল জেলায় ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র (ওয়ান স্টপ সার্ভিস সেন্টার) স্থাপন করা হয়েছে। এসব জায়গায় একটি করে অটিজম ও এনডিডি কর্নারও চালু করা হয়েছে।

“২০১১ সাল থেকে ঢাকা শিশু হাসপাতাল এবং ১৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ২২টি সরকারি-বেসরকারি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল সমস্যাজনিত শিশুদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। আগামীতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

প্রতিবন্ধীবান্ধব সফটওয়্যার, অডিও-ভিডিও শিক্ষা উপকরণ, অবকাঠামো, প্রযুক্তি উদ্ভাবনসহ তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করতে সকল প্রতিষ্ঠানের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যারা অটিজমে ভুগছে, তাদের মেধার বিকাশের সুযোগ করে দেওয়ার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, সরকারের সকল শ্রেণির সরকারি চাকুরিতে অটিজমসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা সংরক্ষিত রয়েছে।

সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ডারউইন, নিউটন তারা কিন্তু এক সময় অটিজমে ভুগেছে। মেধা বিকাশের সুযোগ পেয়েছিলেন বলেই বিশ্বের কত বড় উপকার তারা করে দিয়েছেন।

“সাহিত্যে নোবেল বিজয়ী উইলিয়াম বাটলার ইয়টস্, ড্যানিস কবি হ্যানস্ এন্ডারসন, সুরস্রষ্টা বিথোভেন, মোজার্ট প্রতিবন্ধী ছিলেন। বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংস্ আজীবন প্রতিবন্ধী থেকেও তার আবিস্কার থেমে থাকেনি”

ওসমানী স্মৃতি মিলনায়তন রোববার এই অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি, অটিজম উত্তরণে অবদান রাখা সফল ব্যক্তি এবং অটিজম উত্তরণে অবদান রাখা সফল প্রতিষ্ঠানকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী।

সম্মাননা যাদের হাতে

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি

 >> আদিবা ইমনাথ পশলা অটিজম জয়ী এক কিশোরী। প্রকৌশলী বাবা-মার ছোট সন্তান। ২০১১ সালে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে পশলার আাঁকা ছবি স্থান পায়। বার্জার পেইন্টস আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় সে পর পর তিনবার প্রথম পুরস্কার লাভ করে। ছবি আঁকার দক্ষতা কাজে লাগিয়ে পশলা টি-শার্ট, শাড়ি ও ব্যাগসহ বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের জিনিসে নকশার কাজ করে।

>> আদিল মুনীম সাইফুল হকের জন্ম ১৩ ডিসেম্বর ১৯৮৯। চার বছর বয়সে আবিলের অটিজম ধরা পড়ে। ১৯৯৯ সালে সে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্টচার্চ কলেজের অটিজম অক্সফোর্ড কনফারেন্স আয়োজিত অটিস্টিক ব্যাক্তিদের চিত্রকর্মের প্রদর্শনীতে প্রথম অংশগ্রহণ করেন। ২০০০ সালে যুক্তরাজ্যে আদিলের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শণী হয়। দেশের ২০০২ ও ২০০৫ সালে দুটি একক চিত্রকর্ম প্রদর্শনী হয়। ২০০৫ সালে মিশরে এক চিত্রপ্রদর্শনীতে আদিলের ‘গোল্ডেন ক্লিওপেট্রা’ জলরঙটি প্রথম পুরস্কার লাভ করে।

>> বাবা-মার একমাত্র সন্তান চৌধুরী গালিব আজিজ অনিন্দের জন্ম ১৯৯৫ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। অনিন্দ ঢাকা সেনানিবাসের বিশেষায়িত স্কুল প্রয়াসের চারুকলায় অধ্যায়নরত। ২০১২ সালের ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডের জন্য ছবি আঁকে অনিন্দ। সে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে।

অটিজম উত্তরণে অবদান রাখা সফল ব্যক্তি

>> অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. রওনক হাফিজ

>> ত্বরী ফাউন্ডেশনের পরিচালক বেগম মারুফা হোসেন

>> প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কর্নেল মোহাম্মদ শহীদুল আলম

অটিজম উত্তরণে অবদান রাখা সফল প্রতিষ্ঠান

>> সুইট বাংলাদেশ

>> ইন্সটিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)    

>> ফাউন্ডেশন ফর অটিমজ রিসার্চ অ্যান্ড এডুকেশন, চট্টগ্রাম

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান।